Sujan chakraborty: এবার প্রতীক-উর-কে ‘অর্বাচীন’ বলে আক্রমণ সুজনের
CPM: বস্তুত, প্রতীক উরের সঙ্গে দলের যে দূরত্ব আগেই বেড়েছিল তা প্রথম প্রকাশ্যে আসে হুমায়ুন কবীরের সঙ্গে মহম্মদ সেলিমের সঙ্গে বৈঠকের সময়ে। নীতি আদর্শ না থাকলে কমিউনিস্ট পার্টি হয় না সে কথাই উল্লেখ করেছিলেন প্রতীক উর নিজের পোস্টে। পরে দলের সব পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি।

কলকাতা: আক্রমণ..পাল্টা আক্রমণ চলেছে। দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন প্রতীক-উর- রহমান। শেষে মুখ খুলেছেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। শনিবারই তৃণমূলে যেতে পারেন প্রতীক উর। বাড়ছে দলবদলের জল্পনাও। এই আবহের মধ্যেই মুখ খুললেন সুজন চক্রবর্তী। তিনি প্রতীক-উরকে ‘অর্বাচীন’ বলে সম্বোধন করলেন।
সুজন বলেন, “অর্বাচীনের কথা। আর অর্বাচীনের কথার কোনও উত্তর দেব না। উনি কোথায় খেলবেন, কার হয়ে খেলবেন পরে তা আরও স্পষ্ট হবে। কোনও কথার কোনও মূল্য থাকে না কেউ যখন স্লিপ করে অতলে তলিয়ে যায়। তাঁর কথার কোনও মূল্য কী থাকে।”
বস্তুত, প্রতীক উরের সঙ্গে দলের যে দূরত্ব আগেই বেড়েছিল তা প্রথম প্রকাশ্যে আসে হুমায়ুন কবীরের সঙ্গে মহম্মদ সেলিমের সঙ্গে বৈঠকের সময়ে। নীতি আদর্শ না থাকলে কমিউনিস্ট পার্টি হয় না সে কথাই উল্লেখ করেছিলেন প্রতীক উর নিজের পোস্টে। পরে দলের সব পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। পরবর্তীতে একের পর এক অভিযোগ করা শুরু করেন তিনি। ইতিমধ্যেই রাজ্য কমিটির বৈঠকে প্রতীক উরকে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। পরবর্তীতে সাংবাদিকদের সামনে সেই নিয়ে বৈঠকে কী হয়েছে সে কথাও প্রকাশ্যে আনেন সেলিম। এমনকী, শেষমেশ এটাও বললেন, তাঁর এখন সন্তান হারানোর মতনই অনুভূতি হচ্ছে। তিনি বলেন, “নতুন প্রজন্মের কোন নেতা বিজেপি-তৃণমূলের কাছে নেই। যা আছে ভাড়া করা। একমাত্র সিপিএম এটা গর্ব করে বলতে পারে, অরগানিক লিডারশিপ! আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে নতুন প্রজন্ম তৈরি করি, সর্বস্ব ত্যাগ করে লড়াই করে।”
