Kalyan Banerjee: ‘একটু অক্সিজেন দিচ্ছি…ফিরলে ফিরুন না হলে…’, বার্তা দিলেন কল্যাণ
TMC News: সাংসদ বলেন, "এই দশজনের বাইরে যাঁরা রয়েছেন, অর্থাৎ বাকি ৫০ জন। তাঁদের একটু অক্সিজেন দিচ্ছি। পরে বলতে পারব না।" এরপর শ্রীরামপুরের সাংসদের সতর্কবাণী, "ফিরলে ফিরুন...না ফিরলে কিন্তু ওই প্রেসিডেন্সির ছেলেটার জন্য আপনাদের সকলের রাজনৈতিকে কেরিয়ার নষ্ট হয়ে যাবে। তাই ফিরলে ফিরুন।"

কলকাতা: সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata banerjee) সঙ্গ ত্যাগ করে যে সকল বিধায়করা ঋতব্রত শিবিরে চলে গিয়েছেন তাঁদের একাংশকে উদ্দেশে ফের ফিরে আসার বার্তা দিয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan banerjee)। এখন কালীঘাটের দরজা তাঁদের জন্য খোলা আছে বলে জানিয়েছেন তিনি। নয়ত, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের জন্য এই সকল বিধায়কদের রাজনৈতিক কেরিয়ার নষ্ট হয়ে যাবে বলেও সতর্ক করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ।
ঋতব্রতপন্থী বিধায়কদের সদস্যপদ খারিজের আবেদন জানিয়ে বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুকে চিঠি দিয়েছিল কালীঘাট-শিবির। সেই চিঠির প্রেক্ষিতে কেন এখনও কোনও ব্যবস্থা নেওয়া হল না, সেই ক্ষেত্রে স্পিকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে তৃণমূল।
সাংসদ বলেন, “এই দশজনের বাইরে যাঁরা রয়েছেন, অর্থাৎ বাকি ৫০ জন। তাঁদের একটু অক্সিজেন দিচ্ছি। পরে বলতে পারব না।” এরপর শ্রীরামপুরের সাংসদের সতর্কবাণী, “ফিরলে ফিরুন…না ফিরলে কিন্তু ওই প্রেসিডেন্সির ছেলেটার জন্য আপনাদের সকলের রাজনৈতিকে কেরিয়ার নষ্ট হয়ে যাবে। তাই ফিরলে ফিরুন।” কল্যাণ আবেদনের সুরে বলেছেন, “অনেকদিন তো আমাদের সঙ্গে কাজ করেছেন…তাই একটু অক্সিজেন দিলাম। নিতে পারলে নিন, নয়ত না নিন।”
লিভ পিটিশনে কাদের নাম দিয়েছে কালীঘাট তৃণমূল?
কল্যাণের বক্তব্য অনুযায়ী, তালিকায় প্রথমেই আছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম। তারপর অরূপ রায়, ফিরহাদ হাকিম, সন্দীপন সাহা, আখরুজ্জামান, শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, বিপ্লব মিত্র, জাভেদ খান ও রথীন ঘোষের। এই দশজন বাদ দিয়ে এখনও যে সকল বিধায়করা নব তৃণমূলে রয়েছেন তাঁদেরই ফের ফিরে আসার আবেদন করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
