SIR Hearing in Bengal: অবজার্ভারদের সতর্কবার্তা শুনছেন না ERO-রা! SIR-র শেষবেলায় পদক্ষেপ করতে পারে কমিশন
SIR in Bengal: প্রায় শেষ শুনানি। তারপরই শুরু হয়ে গিয়েছে জমা পড়া নথি যাচাইয়ের কাজ। সিইও দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত ১ কোটি ২৩ লক্ষ নথি যাচাই সম্পন্ন হয়েছে। শুনানিতে হাজির হওয়া মোট ভোটারের মধ্যে প্রায় ১৩ লক্ষ ভোটারের নথি আপলোড করা এখনও বাকি রয়েছে।

কলকাতা: ডেডলাইন শেষের আগেই কাজ শেষ। শনিবার বাংলার ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের শুনানির শেষদিন। সাতদিন বাড়িয়ে এসআইআর-এর জন্য বাড়তি সময় পেয়েছে বাংলা। যা শেষ হতে চলেছে আগামিকাল। তবে তার আগেই প্রায় সব কেন্দ্রেই শুনানির কাজ শেষ। শুনানিতে আসেননি প্রায় সাড়ে ছয় লক্ষ ভোটার।
প্রায় শেষ শুনানি। তারপরই শুরু হয়ে গিয়েছে জমা পড়া নথি যাচাইয়ের কাজ। সিইও দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত ১ কোটি ২৩ লক্ষ নথি যাচাই সম্পন্ন হয়েছে। শুনানিতে হাজির হওয়া মোট ভোটারের মধ্যে প্রায় ১৩ লক্ষ ভোটারের নথি আপলোড করা এখনও বাকি রয়েছে। অযোগ্য বাতিলের তালিকায় এখনও পর্যন্ত রয়েছে ১ লক্ষ ৪০ হাজার ভোটার। তবে এই ভোটারদের নাম বাদ গেলেও, তা আবার সংযোজনের জন্য আবেদনের সুবিধাও থাকবে। এই গোটা শুনানি পর্বে সবচেয়ে বেশি গরহাজিরা দেখা গিয়েছে উত্তর ২৪ পরগনায়। ওই জেলায় শুনানিতে আসেননি এক চতুর্থাংশ ডাক পড়া ভোটার।
উল্লেখ্য, শুনানি শেষে নথি যাচাই নিয়ে মাইক্রো অবজার্ভারদের সঙ্গে বিবাদে জায়গা তৈরি হয়েছে প্রায় প্রতিটি জেলায়। ইতিমধ্য়ে ভাঙড়ের বারুইপুর এলাকায় নিযুক্ত বেশ কয়েকজন মাইক্রো অবজার্ভার স্থানীয় তৃণমূল নেতা এবং বিডিওর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। প্রায় একই রকমের সমস্যা তৈরি হয়েছে অন্য জেলাগুলিতেও। সিইও দফতর সূত্রে খবর, বহু ERO-কে অবজার্ভাররা সতর্ক করেছেন। শুধু আধার কার্ড বা প্যান কার্ড নিয়ে আপলোড না করার পরামর্শ দিয়েছেন তাঁরা। তাঁদের অভিযোগ, সেই সতর্কবার্তার পরেও কথা শুনছেন না ERO-রা। তাই সেই ‘নাছোড়বান্দা’ ERO-দের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে কমিশন।
বাংলাদেশিদের বাদ
বাংলায় বাংলাদেশিদের খোঁজ। ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের শেষবেলায় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এল চিঠি। ৩৮ জন বাংলাদেশি পাসপোর্ট থাকা ব্যক্তির নাম বাদ দেওয়ার আবেদন জানাল সংশ্লিষ্ট দফতর। তুলে ধরা হল সেই বাংলাদেশিরদের তথ্য।
