Manoj Agarwal: তৃণমূল জমানায় জন্ম-মৃত্যু শংসাপত্রে কারচুপি? এবার জেলায় জেলায় শুরু ভেরিফিকেশন, কড়া বার্তা মুখ্যসচিবের
Manoj Agarwal on Birth and Death Certificate Verification: মুখ্যসচিবের দাবি, বেশ কয়েকদিন ধরে অভিযোগ উঠছে, তৃণমূল জমানায় এসআইআর-এর সময় বেআইনি জন্ম-মৃত্যু শংসাপত্র ইস্যু করার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে এবার কড়া পদক্ষেপ করছে রাজ্য সরকার। আজ মুখ্যসচিব জানিয়েছেন, বার্থ সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেটে তথ্য স্ক্যান করা হচ্ছে।

কলকাতা: বার্থ সার্টিফিকেট (Birth Certificate) ও ডেথ সার্টিফিকেটের (Death Certificate) জালিয়াতি রুখতে অ্যাকশনে রাজ্য (West Bengal Government)। দিনকয়েক আগেই জন্ম-মৃত্যু শংসাপত্রে জালিয়াতি রুখতে নতুন নিয়ম জারি করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। এবার ভুয়ো জন্ম-মৃত্যু শংসাপত্র খতিয়ে দেখতে জেলায় জেলায় অভিযান শুরু হবে। এমনই নির্দেশ মুখ্যসচিব মনোজ আগারওয়ালের (Manoj Agarwal)। তাঁর দাবি, এসআইআরে প্রচুর বেনিয়ম নজরে পড়েছে কমিশনের (Election Commission)। সেক্ষেত্রে মুখ্যসচিবের কড়া নির্দেশ, ‘জেনে-বুঝে কেউ কারচুপি করে থাকলে কাউকে রেয়াত করা হবে না।’
SIR-এর সময় ব্যাপক ‘কারচুপি’
মুখ্যসচিবের দাবি, বেশ কয়েকদিন ধরে অভিযোগ উঠছে, তৃণমূল জমানায় এসআইআর-এর সময় বেআইনি জন্ম-মৃত্যু শংসাপত্র ইস্যু করার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে এবার কড়া পদক্ষেপ করছে রাজ্য সরকার। আজ মুখ্যসচিব জানিয়েছেন, বার্থ সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেটে তথ্য স্ক্যান করা হচ্ছে। শুধু ভেরিফিকেশন করার জন্য এটা করা হচ্ছে। কারও কোনও সমস্যা হবে না। এরপরই তিনি বলেন, “বার্থ সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনের পরে অনেক অভিযোগ পেয়েছি। এসআইআর করতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি ধরা পড়েছে। পুলিশের কাছেও অনেক অভিযোগ এসেছে। অনেক জায়গায় নকল বার্থ সার্টিফিকেট ধরা পড়েছে। অনেক সুযোগ সুবিধে নিয়েছে অনেকে। নিয়ম থাকলেও বহু অনিয়ম হয়েছে।”
কেন যাচাই, ব্যাখ্যা মুখ্যসচিবের
মুখ্যসচিবের আরও অভিযোগ, স্কুল সার্টিফিকেটের ক্ষেত্রে অনেক ভুয়ো বার্থ সার্টিফিকেট ব্যবহার করা হয়েছে। যা সব ক্ষেত্রেই ব্যবহার হয়েছে। কিছু মানুষের জন্য অনেক মানুষ অসুবিধে ভোগ করছে। যত তথ্য রয়েছে সব নিয়ে স্ক্যান করে রেজিস্টারকে ফেরত দেওয়া হবে। স্বচ্ছতা আনতেই হবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মনোজ আগারওয়াল আশ্বস্ত করে বলেন, “কারও ভয় পাওয়ার কিছু নেই। এই বার্থ সার্টিফিকেট যাচাই শুধুমাত্র একটা নিয়ম। দুর্নীতি মুক্ত করতে এই পদক্ষেপ। সরকারি আধিকারিকরাই এটা যাচাই করবেন। কোনও চুক্তিভিত্তিক কর্মী যাচাই করবেন না।”
মুখ্যসচিবের নির্দেশের পরই জেলায় জেলায় অ্যাকশনে পুলিশ। বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রামে রেজিস্টার যাচাইয়ের কাজ চলছে। পুরসভা, পঞ্চায়েত ধরে ধরে হানা পুলিশের। এসআইআর চলাকালীন দেদার বেআইনি জন্ম-মৃত্যু শংসাপত্র ইস্যু করার অভিযোগ উঠেছে। সেক্ষেত্রে রাজ্যের নির্দেশ অনুযায়ী, সব রেজিস্টার খতিয়ে দেখা হচ্ছে। কোনও কারচুপির ইঙ্গিত মিললেই কঠোর পদক্ষেপ করা হবে।
