Ramayana: ‘গোটা সিনেমাহলই যেন একটা মন্দির! ‘রামায়ণ’ চলাকালীন আমিষ খাবার বর্জনের সিদ্ধান্ত নিল এই মাল্টিপ্লেক্স
SVF Cinemas Vegetarian Food Ramayana: মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে এই বিশেষ ঘোষণার কথা জানানো হয়েছে। প্রসঙ্গত, এই মেগা বাজেট ছবিতে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর, দেবী সীতার ভূমিকায় সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং রাবণের চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার যশ।

দর্শকদের ধর্মীয় ভাবাবেগ ও ভক্তিকে সম্মান জানাতে এক অভিনব সিদ্ধান্ত নিল কলকাতার প্রথম সারির মাল্টিপ্লেক্স চেন এসভিএফ সিনেমাস (SVF Cinemas)। নিতেশ তিওয়ারি পরিচালিত বহুপ্রতীক্ষিত ছবি ‘রামায়ণ: রাইজ অফ আ লিজেন্ড’ (Ramayana: Rise of a Legend) চলাকালীন প্রেক্ষাগৃহের অন্দরে কেবল নিরামিষ খাবারই পরিবেশন করা হবে। মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে এই বিশেষ ঘোষণার কথা জানানো হয়েছে। প্রসঙ্গত, এই মেগা বাজেট ছবিতে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর, দেবী সীতার ভূমিকায় সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং রাবণের চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার যশ।
কেন এই বিশেষ সিদ্ধান্ত?
সংবাদসংস্থা পিটিআই (PTI)-কে দেওয়া এক বিবৃতিতে এসভিএফ সিনেমাসের এক মুখপাত্র জানিয়েছেন, হিন্দু মহাকাব্য রামায়ণের প্রতি মানুষের অগাধ ভক্তি ও শ্রদ্ধাকে সম্মান জানাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মোট ৩০টি লোকেশনে এসভিএফ-এর মাল্টিপ্লেক্স রয়েছে। সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, “কিছু ছবি নিছক সিনেমার চেয়েও অনেক বড়। ‘রামায়ণ’ চলাকালীন পর্দায় যখন হনুমান চালিশা বাজছে, তখন গোটা প্রেক্ষাগৃহটাই যেন একটি মন্দিরে পরিণত হয়। আমরা নিজেরাও সেই আবেগ অনুভব করি।”
এর আগে ২০২৪ সালে অ্যানিমেটেড ছবি ‘মহাবতার নরসিংহ’ চলাকালীন বহু দর্শক ভক্তিভরে প্রেক্ষাগৃহের বাইরে জুতো খুলে রেখে হলে প্রবেশ করেছিলেন। এছাড়া ‘হনুমান অংশ’ ছবির প্রদর্শনের সময়ও দর্শকদের তরফ থেকে প্রেক্ষাগৃহের ভেতরে শুধুমাত্র নিরামিষ খাবার পরিবেশনের অনুরোধ এসেছিল। সংস্থার কথায়, “আমরা দর্শকদের সেই অনুরোধকে গুরুত্ব দিয়েছি। এক ক্ষুদ্র ও আন্তরিক শ্রদ্ধার্ঘ্য হিসেবেই ‘রামায়ণ’-এর স্ক্রিনিং চলাকালীন হলের ভেতরে কেবল নিরামিষ খাবার পরিবেশন করা হবে, যাতে প্রত্যেক দর্শক নির্দ্বিধায় ও পূর্ণ ভক্তিভরে ছবিটি উপভোগ করতে পারেন।”
অন্যান্য ছবির ক্ষেত্রে কী নিয়ম? তবে এই নিয়ম যে শুধুমাত্র ‘রামায়ণ: রাইজ অফ আ লিজেন্ড’ ছবির প্রদর্শনীর ক্ষেত্রেই প্রযোজ্য, তা স্পষ্ট করে দিয়েছে কর্তৃপক্ষ। প্রেক্ষাগৃহের বাইরের ফুড কাউন্টারগুলিতে আগের মতোই আমিষ ও নিরামিষ— সব ধরনের খাবার ও পানীয় পাওয়া যাবে। পাশাপাশি অন্যান্য সমস্ত সিনেমার ক্ষেত্রে হলের ভেতরেও স্বাভাবিক নিয়মেই খাবার পরিবেশন করা হবে। এসভিএফ-এর তরফে জানানো হয়েছে, তাদের প্রেক্ষাগৃহ সব শ্রেণির দর্শকের জন্যই উন্মুক্ত এবং প্রত্যেক অতিথিকেই সেখানে সাদরে আমন্ত্রণ জানানো হয়।
উল্লেখ্য, নিতেশ তিওয়ারির পরিচালনায় এবং যশ ও নমিত মালহোত্রার যৌথ প্রযোজনায় তৈরি এই ছবিটি ইতিমধ্যেই ভারতীয় চলচ্চিত্র মহলে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে। ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অস্কারজয়ী দুই কিংবদন্তি এ আর রহমান এবং হ্যান্স জিমার।
