Bigg Boss Bangla: সোনামণি বের হতেই কোন সত্যিটা সামনে আনলেন নন্দিনী?
Bigg Boss Bangla sonamani saha and Nandini Dutta: গত রবিবার সবাইকে অবাক করে দিয়ে রিয়্যালিটি শোয়ের ঘর থেকে বিদায় নিতে হয়েছে সোনামণিকে। তাঁর এই অপ্রত্যাশিত এভিকশনের পরই সোনামণির প্রশংসায় পঞ্চমুখ হলেন শোয়ের অপর এক প্রাক্তন প্রতিযোগী নন্দিনী দত্ত।

স্টার জলসার ‘মোহর’, ‘এক্কা দোক্কা’ কিংবা ‘শুভ বিবাহ’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকের সুবাদে ঘরে ঘরে পরিচিত নাম সোনামণি সাহা। ছোটপর্দার সেই জনপ্রিয় নায়িকাকে ঘিরেই এতদিন তুঙ্গে ছিল ‘বিগ বস বাংলা’র দর্শকদের উন্মাদনা। কিন্তু গত রবিবার সবাইকে অবাক করে দিয়ে রিয়্যালিটি শোয়ের ঘর থেকে বিদায় নিতে হয়েছে সোনামণিকে। তাঁর এই অপ্রত্যাশিত এভিকশনের পরই সোনামণির প্রশংসায় পঞ্চমুখ হলেন শোয়ের অপর এক প্রাক্তন প্রতিযোগী নন্দিনী দত্ত।
কী লিখেছেন নন্দিনী? বিগ বসের ঘরের অন্দরের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নন্দিনী লেখেন, “তুমি প্রতিটি টাস্কে সব পুরুষ ও মহিলাকে হারিয়ে দিয়েছ! তোমার শক্তিই তোমার আসল পরিচয়।” অতীতে তাঁদের মধ্যে একাধিক মন কষাকষি বা ঝামেলা থাকলেও সোনামণির লড়াইকে কুর্নিশ জানাতে ভোলেননি নন্দিনী।
তিনি আরও লেখেন, “আমি জানি, তোমার জন্য খেলাটা খুব কঠিন ছিল। কখনও কখনও তোমার মনে হয়েছে, এই শো-টা হয়তো তোমার জন্য সঠিক জায়গা নয়। তবুও তুমি চেষ্টা চালিয়ে গিয়েছ। শো-তে তুমিই ছিলে সবচেয়ে বেশি শৃঙ্খলাপরায়ণ মেয়ে! কখনও কখনও রাগের মাথায় আমরা এমন কিছু কথা বলে ফেলি, যা আসলে মন থেকে বলতে চাই না! সত্যিই, তুমি আসল সোনা!”
কী লিখেছেন নন্দিনী, দেখুন—

উল্লেখ্য, শো চলাকালীন একাধিকবার বচসায় জড়াতে দেখা গিয়েছিল নন্দিনী ও সোনামণিকে। একটি ক্যাপ্টেন্সি টাস্কে সোনামণি সঞ্চালক থাকার সময় হেরে গিয়েছিলেন নন্দিনী, যা নিয়ে তাঁদের মধ্যে তীব্র বিতর্ক হয়েছিল। এমনকি সোনামণিকে বলতে শোনা গিয়েছিল, “তুই হার মানতে পারিস না!” যদিও পরবর্তী সময়ে বহু সাক্ষাৎকারে নন্দিনী স্বীকার করেছেন যে, সোনামণির থেকেই তিনি লড়াকু মানসিকতা শিখেছেন।
দর্শকদের একাংশের অভিযোগ ছিল, জলসার জনপ্রিয় মুখ হওয়ার সুবাদে এতদিন হয়তো বিগ বসের ঘরের বিশেষ সুবিধা পেয়েছেন সোনামণি। অনেকেই ধরে নিয়েছিলেন যে তিনি নিশ্চিতভাবেই গ্র্যান্ড ফিনালে পর্যন্ত পৌঁছবেন। কিন্তু ফাইনালের ঠিক মাসখানেক আগেই তাঁকে নিতে হল বিদায়।
