Lok Bhavan: বিনা অনুমতিতে রাজ্যপালের ছবি ব্যবহার করলেই এবার অ্যাকশন! সতর্ক করল লোক ভবন
Governor Impersonation Scam: লোক ভবনের তরফে জানানো হয়েছে, ৯৮৩৬২০৫১৬২ ও ৯৮৩৬৮৭৪৯১৩ নম্বর থেকে ফোন এসেছিল। নিজেকে গভর্নর হাউসের "আকাশ সিং" বলে পরিচয় দেয় একজন। তবে ওই নামে কেউ নেই, সাফ জানিয়ে দিয়েছে লোক ভবন।

কলকাতা: কোনও নেতা-মন্ত্রী নয়, সরাসরি রাজ্যপালের নাম ভাঁড়িয়ে প্রতারণার চেষ্টা। এবার সতর্ক করল লোক ভবন। কীভাবে প্রতারণার চেষ্টা করা হয়েছিল, তাও জানা গিয়েছে।
লোক ভবনের তরফে জানানো হয়েছে, ৯৮৩৬২০৫১৬২ ও ৯৮৩৬৮৭৪৯১৩ নম্বর থেকে ফোন এসেছিল। নিজেকে গভর্নর হাউসের “আকাশ সিং” বলে পরিচয় দেয় একজন। তবে ওই নামে কেউ নেই, সাফ জানিয়ে দিয়েছে লোক ভবন। অন্য এক ব্যক্তি নিজেকে খোদ রাজ্যপাল বলেই দাবি করে বসেন।
অন্যদিকে, কলকাতার এক অনুষ্ঠানের প্রচারে রাজ্যপালের ছবি ব্যবহার করা হয়েছে। ছবি ব্যবহারের কোনও অনুমতি ছিল না বলেই জানিয়েছে লোক ভবন। ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থার কথা বলা হয়েছে। ছবির অপব্যবহার নিয়ে চাওয়া হয়েছে “অ্যাকশন টেকেন রিপোর্ট”।
এই ধরনের ঘটনার পরই সাধারণ জনগণকে সতর্ক করা হয়েছে। যাচাই না করে সন্দেহজনক ফোনে সাড়া না দেওয়ার আর্জি জানানো হয়েছে। পাশাপাশি অনুমতি ছাড়া রাজ্যপালের নাম, ছবি, পদবি ব্যবহার নিষিদ্ধ, তা স্পষ্ট করে জানানো হয়েছে।
যদি কোথাও রাজ্যপালের ছবি বিনা অনুমতিতে ব্যবহার করা হয়, তাহলে ০৩৩-২২০০-১৬৪১- – অভিযোগ জানাতে বলা হয়েছে। এছাড়া generalcellgs@gmail.com- ইমেল করেও অভিযোগ জানানো যাবে।
