Kolkata Building Collapsed: প্রবল বৃষ্টিতে বড় বিপর্যয়, ভেঙে পড়ল তিনতলা বাড়ির একাংশ! দেওয়াল চাপা পড়ে মৃত্যু একজনের
3-Storey building Collapsed in Kolkata: ৩১ নম্বর ব্রজদুলাল স্ট্রিট। সেখানেই রয়েছে ২০০ বছরের পুরনো তিনতলা বাড়িটি। অভিযোগ, দীর্ঘদিন আগে বাড়িটি পুরসভা থেকে পরিত্যক্ত ঘোষণা করার পরেও ওই বাড়িতে ২০ জন থাকছিলেন। জানা গিয়েছে, ভোর চারটে নাগাদ হঠাৎ শব্দ শুনতে পান বাসিন্দারা।

কলকাতা: প্রবল বৃষ্টিতে সাতসকালে শহর কলকাতায় বিপর্যয়। ভেঙে পড়ল পুরনো পরিত্যক্ত তিন তলা বাড়ির একাংশ। জানা গিয়েছে, ওই বাড়িতে প্রায় ২০ জন থাকতেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, দেওয়াল চাপা পড়ে ইতিমধ্যেই এক মহিলার মৃত্যু হয়েছে। মৃতার নাম ঊর্মিলা সাউ। জানা গিয়েছে, ভোরবেলা তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। তখনই ভেঙে পড়ে বাড়িটি। বাকি ১৯ জন আটকে পড়েন বলে খবর। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা NDRF। অনেককেই ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে বলে খবর। জোড়াবাগান ব্রজদুলাল স্ট্রিটের ঘটনা।
৩১ নম্বর ব্রজদুলাল স্ট্রিট। সেখানেই রয়েছে ২০০ বছরের পুরনো তিনতলা বাড়িটি। অভিযোগ, দীর্ঘদিন আগে বাড়িটি পুরসভা থেকে পরিত্যক্ত ঘোষণা করার পরেও ওই বাড়িতে ২০ জন থাকছিলেন। বাড়ির সামনে একেবারে সরু গলি। ওই বাড়িতে ঢোকা-বেরনোর একটাই রাস্তা। এক প্রতিবেশী জানাচ্ছেন, আজ ভোর চারটে নাগাদ হঠাৎ বাইরে একটা বিকট আওয়াজ শুনতে পান। তখন বেরিয়ে দেখেন, বাড়ির ভেঙে পড়েছে। আর ধ্বংসস্তূপে চাপা পড়ে রয়েছেন ওই বাড়িরই এক মহিলা বাসিন্দা। অন্যদিকে , বাড়ির পিছনের অংশে আটকে পড়েন আরও অনেকে। পিছনের গেট দিয়ে তখন মোট ১৬ জনকে উদ্ধার করেন স্থানীয়রা। ওই ১৬ জনের মধ্যে রয়েছেন মৃতার স্বামী ও দুই ছেলেও।
জানা গিয়েছে, তিনতলা পুরনো বাড়িটিকে আগেই কলকাতা পুরসভার তরফে বিপজ্জনক ও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। প্রতিবেশীদের অভিযোগ, এর আগেও বাড়ির সামান্য অংশ ভেঙেছিল। পরে তা সামান্য মেরামত করা হয়। আরও অভিযোগ, ওই বাড়ির মালিক ও ভাড়াটেদের মধ্যে দীর্ঘদিনের সমস্যা। ঠিকমতো ভাড়া দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ। ফলে বাড়ি মেরামত করাও সম্ভব হচ্ছিল না বাড়িওয়ালার পক্ষে। ফলে বাড়ির একাংশ দীর্ঘদিন ঝুলে ছিল। সেই ঝুলে থাকা অংশটাই ভেঙে পড়ে মঙ্গলবার ভোরে।
