AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এই ৩ ম্যাজিক রেসিপি বানিয়ে দিলেই কেল্লাফতে, চেটেপুটে খাবে খুদে

জাঙ্ক ফুড নয়, বরং ঘরোয়া উপকরণেই যদি তৈরি হয় রেস্তোরাঁ স্টাইল খাবার, তবে কেমন হয়? রইল ঝটপট তৈরি হওয়া তিনটি জবরদস্ত রেসিপি, যা একবার খেলে আপনার সন্তান রোজ এটাই খেতে চাইবে।

এই ৩ ম্যাজিক রেসিপি বানিয়ে দিলেই কেল্লাফতে, চেটেপুটে খাবে খুদে
| Updated on: Feb 25, 2026 | 5:49 PM
Share

সকাল হতে না হতেই কি আপনার বাড়ির রান্নাঘরে যুদ্ধ শুরু হয়ে যায়? একদিকে ঘড়ির কাঁটার দৌড়, আর অন্যদিকে বাচ্চার ‘আজ এটা খাব না,কাল ওটা খাব না’ বায়না। রোজকার সেই একঘেয়ে রুটি-তরকারি বা জ্যাম-পাউরুটি দেখে বাচ্চার মুখভার হওয়াটা এখন প্রায় সব বাড়ির চেনা ছবি। কিন্তু ভাবুন তো, যদি টিফিন বক্স খুলতেই বাচ্চার চোখেমুখে একরাশ আনন্দ দেখা যায়? জাঙ্ক ফুড নয়, বরং ঘরোয়া উপকরণেই যদি তৈরি হয় রেস্তোরাঁ স্টাইল খাবার, তবে কেমন হয়? রইল ঝটপট তৈরি হওয়া তিনটি জবরদস্ত রেসিপি, যা একবার খেলে আপনার সন্তান রোজ এটাই খেতে চাইবে।

পনির পপকর্ন

চিকেন পপকর্ন তো অনেক খেয়েছেন, এবার বাচ্চার টিফিনে দিন নিরামিষ অথচ অত্যন্ত পুষ্টিকর পনির পপকর্ন। ছোট ছোট টুকরো হওয়ার কারণে বাচ্চাদের খেতেও সুবিধা হয়।

কীভাবে বানাবেন: পনির ছোট ছোট কিউব করে কেটে নিন। এবার একটি পাত্রে সামান্য কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, নুন আর চাট মশলা দিয়ে একটি ঘন গোলা তৈরি করুন। পনিরের টুকরোগুলো এই গোলায় ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বসে ভালো করে মাখিয়ে নিন। এবার কড়াইতে সাদা তেল গরম করে সোনালি করে ভেজে তুলুন। উপর থেকে সামান্য চিজ গ্রেট করে দিলে তো আর কথাই নেই, বাচ্চা খাবে চেটেপুটে। হবে বাচ্চার স্বাস্থ্যের কথা মাথায় রেখে তেল কম ব্যবহারের চেষ্টা করাই ভালো।

আটার হেলদি পিৎজা পকেট

পিৎজা খেতে কম বেশি সব বাচ্চাই পছন্দ করে, কিন্তু রোজ ময়দা খাওয়া শরীরের জন্য ভালো নয়। তাই বাড়িতেই আটা দিয়ে বানিয়ে ফেলুন মিনি পিৎজা পকেট।

সহজ পদ্ধতি: আটা মেখে ছোট ছোট লুচির মতো বেলে নিন। এবার তার মাঝখানে কুচানো গাজর, ক্যাপসিকাম, কর্ন এবং অনেকটা চিজ দিন। সাথে দিন সামান্য পিৎজা সিজনিং বা ওরিগানো। এবার চারপাশ থেকে মুড়ে একটা চারকোনা পকেটের মতো তৈরি করুন। চাটুতে সামান্য মাখন বা অলিভ অয়েল দিয়ে এপিঠ-ওপিঠ লালচে করে সেঁকে নিন। দেখবেন, বাইরের পিৎজার চেয়েও এটি বেশি তৃপ্তি করে খাচ্ছে আপনার সন্তান।

রঙিন ফ্রুট দই-মালাই:

চকোলেট বা ক্যাডবেরির বদলে টিফিনে দিন ঠান্ডা ঠান্ডা ফ্রুট দই। এটি যেমন হজমে সাহায্য করে, তেমনি শরীরের জন্য দারুণ উপকারী। মিনিট কয়েকেই তৈরি হয়ে যাবে। একটি বাটিতে জল ঝরানো ঘন টক দই নিন। তাতে সামান্য মধু বা গুড় মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এবার এতে ছোট ছোট টুকরো করা কলা, আপেল, আঙুর কিংবা ডালিম মিশিয়ে দিন। উপর থেকে কয়েকটা ড্রাই ফ্রুটস (আমন্ড বা কাজু) ছড়িয়ে দিন। এই রঙিন ডেজার্টটি দেখলে বাচ্চার জিভে জল আসতে বাধ্য। এটি স্কুলের টিফিনে দেওয়ার জন্য একটি এয়ার টাইট কন্টেইনার ব্যবহার করুন।