Mahalaya 2026: মহালয়াতেই দেবীপক্ষের সূচনা ও সমাপ্তি! একদিনের দুর্গাপুজোয় মাতল আসানসোলের ধেনুয়া গ্রাম
One Day Durga Puja: অভিনব ঘটনার সাক্ষী থাকল বার্নপুরের ধেনুয়া গ্রাম। সেখানে নদীর তীরে অবস্থিত কালীকৃষ্ণ আশ্রম। সেখানেই আজ মহালয়ার ভোরে মণ্ডপে মায়ের আগমন হয়। সন্ধ্যার আগেই হয় ঘট বিসর্জন। স্থানীয়দের কাছে এই পুজোর নাম 'আগমনী দুর্গা'। ভোর হওয়ার সঙ্গেই দেবীর আবাহন ঘটে এবং একই দিনে সাঙ্গ হয় সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো।

আসানসোল: দুর্গাপুজো সাধারণত হয় পাঁচ দিনের। যদিও উৎসবের আমেজ শুরু হয়ে যায় মহালয়া থেকেই। তবে, কখনও একদিনের দুর্গাপুজোর কথা শুনেছেন? অর্থাৎ মায়ের আগমন ও বিসর্জন একইদিনে। তাও আবার মহালয়াতে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ শুনে বাঙালির মনে যখন আগমনীর সুর বেজে উঠেছে,আশ্বিনের সেই শারদ সকালেই রাজ্যের এক প্রান্তে সম্পন্ন হল দুর্গাপুজো।
অভিনব ঘটনার সাক্ষী থাকল বার্নপুরের ধেনুয়া গ্রাম। সেখানে নদীর তীরে অবস্থিত কালীকৃষ্ণ আশ্রম। সেখানেই আজ মহালয়ার ভোরে মণ্ডপে মায়ের আগমন হয়। সন্ধ্যার আগেই হয় ঘট বিসর্জন। স্থানীয়দের কাছে এই পুজোর নাম ‘আগমনী দুর্গা’। ভোর হওয়ার সঙ্গেই দেবীর আবাহন ঘটে এবং একই দিনে সাঙ্গ হয় সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো। পুরোহিত জানান, শাস্ত্র মেনে একই দিনে চার বেলা চার রকমের ভোগ নিবেদন করতে হয়। নিরঞ্জনেও বিশেষত্ব রয়েছে। দশমীর পুজো শেষে ঘট বিসর্জন হলেও প্রতিমা রেখে দেওয়া হয় মন্দিরেই।
পুজো উদ্যোক্তরা জানান, ১৯৩৭ সালে আশ্রম প্রতিষ্ঠার পর ১৯৭৮ সাল থেকে এই আগমনী পুজোর সূচনা হয়। দেবী এখানে সিংহবাহিনী হলেও অসুর দলন করেন না। সঙ্গে থাকেন জয়া ও বিজয়া। পুজো ফুরিয়ে যাওয়ায় মন বিষণ্ণ হলেও এই ঐতিহ্য দেখতে ভিড় জমান বহু মানুষ।
