IPL 2026 Highlights, KKR vs GT: ভরা গ্রীষ্মে ইডেনে ‘অ্যালেন সুবাস’, প্লে অফের অঙ্কে জীবিত কেকেআর!
Kolkata Knight Riders : আগামী ২০ ও ২৪ মে ঘরের মাঠেই মুম্বই ও দিল্লির বিরুদ্ধে খেলবে নাইটরা। সেই দুই ম্যাচেও জিতলে নাইটদের পয়েন্ট হবে ১৫। তখন দেখা হবে প্লে-অফের তালিকায় প্রথম ৪ দলের পয়েন্ট। এই মুূহূর্তে পয়েন্টস টেবিলের সপ্তম স্থানে কেকেআর।

কলকাতা : তখনও খেলা শেষ হতে বাকি কয়েক ওভার। ম্যাচে ধীরে ধীরে জাঁকিয়ে বসছে গিল-বাটলার জুটি। ২৪৭ রানও যেন অনেক কম মনে হচ্ছে কলকাতা (Kolkata Knight Riders) সমর্থকদের কাছে। তাহলে কি এবারেও তীরে এসে তরী ডুবতে চলেছে ? তখনই ঘটল ঘটনাটা। বাউন্ডারি লাইনে শুবমান গিলের (Shubman Gill) দুরন্ত ক্যাচ ধরলেন অনুকূল রায় (Anukul Roy)। বিজ্ঞাপনী বাউন্ডারি লাইন থেকে মাত্র ইঞ্চি দুয়েক দূরে থেমে গেল অনুকূলের ডান পা। ৮৫ রানের মাথায় আউট হলেন প্রাক্তন নাইট। এরপরেই যেন উচ্ছ্বাসে ফেটে পড়ল ইডেন গার্ডেন্স (Eden Gardens)। ‘রক্তক্ষয়ী’ আরসিবি (RCB) ম্যাচে কোহলির (Virat Kohli) কাছে হার যেন আজ একটু হলেও মলম দিল সেই ক্ষতে। কিন্তু, তাহলেও কি শেষ চারে যাওয়ার রাস্তা খুলে গেল কেকেআরের?
গতকাল ইডেনে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাট অধিনায়ক শুবমান গিল। এই ম্যাচেও রান পেলেন না কেকেআর ক্যাপ্টেন রাহানে (১৪)। তাঁকে বাদ দিয়ে পুরো ম্যাচেই যেন বুলডোজার চালাল কেকেআর। ৩৫ বলে ৯৩ রান করলেন ফিন অ্যালেন। রশিদ খানের হাতে জমা না পড়লে আজ আইপিএলের দ্বিতীয় সেঞ্চুরি করে ফেলতেন তিনি। তাঁর উইকেটের পর ঝড় তুললেন অঙ্গকৃষ রঘুবংশী। আইপিএলে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স করছেন এই ২১ বছরের কিশোর। আরসিবি ও গুজরাট – দুই দলের বিপক্ষে ক্রমাগত ভাল খেললেন অঙ্গকৃষ। ২৮ বলে ৫২ রান করলেন ক্যামেরন গ্রিন। ২০ ওভারে ২৪৭ রান তুলল কেকেআর, যা এই আইপিএলে তাদের সর্বোচ্চ।
জবাবে শুরু থেকেই আক্রমণ শুরু করেছিলেন সাই সুদর্শন ও শুবমান গিল। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে ১৩ বলে ২৩ করেছিলেন সুদর্শন। তৃতীয় স্থানে ব্যাটে নেমে ব্যর্থ নিশান্ত সাধু (১)। ৪৯ বলে ৮৫ করলেন অধিনায়ক। রান পেলেন জোশ বাটলারও। ৩৫ বলে ৫৭ করলেন এই ইংরেজ ব্যাটার। ১৯তম ওভারের শেষ বলে আউট হলেন বাটলার। শেষে খুব একটা কিছু করতে পারেননি রাহুল তেওয়াটিয়াও (২)। ২৪৮ রান তাড়া করতে নেমে ২১৮ রানেই থেমে গেল গুজরাটের ইনিংস। ২৯ রানে জিতে এখনও শেষ চারের ক্ষীণ আশা রয়ে গিয়েছে কেকেআরের।
আগামী ২০ ও ২৪ মে ঘরের মাঠেই মুম্বই ও দিল্লির বিরুদ্ধে খেলবে নাইটরা। সেই দুই ম্যাচেও জিতলে নাইটদের পয়েন্ট হবে ১৫। তখন দেখা হবে প্লে-অফের তালিকায় প্রথম ৪ দলের পয়েন্ট। এই মুহূর্তে লিগ টেবিলের যা অবস্থা, কেকেআরের শেষ চারে খেলার সুযোগ প্রায় নেই বললেই চলে। তবে ওই আর কি, নিজের শহরের দল তো, আর একবার স্বপ্ন দেখতে ক্ষতি কী?
