India vs Brazil Match: যুবভারতীর ঘাস নিয়ে বড় উদ্বেগ! ব্রাজিল-ভারত ম্যাচের আগে ফেডারেশনকে কী বলল CBF?
West Bengal: ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে, সম্প্রতি মাঠে ডুরান্ড কাপের ম্যাচ হওয়ার ফলে পিচের অবস্থা একটু খারাপ আছে। পাশাপাশি সল্টলেক স্টেডিয়াম কমপ্লেক্স, শৌচাগার, ড্রেসিংরুম - সবকিছুই খতিয়ে দেখা হয়। সেগুলো নিয়ে মোটামুটি সন্তুষ্ট হলেও আসল সমস্যা হচ্ছে মাঠ।

কলকাতা : দুই মাসও বাকি নেই। তার মধ্যেই শহরে অনুষ্ঠিত হবে হাই-ভোল্টেজ ব্রাজিল বনাম ভারত ম্যাচ। আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ভিনিসিয়াসদের ব্রাজিলের মুখোমুখি হবেন সন্দেশ-আপুইয়ারা। ইতিমধ্যেই এই ম্যাচ নিয়ে উত্তেজনা চরমে। এর মধ্যেই গতকাল, বৃহস্পতিবার কলকাতায় এসে যুবভারতীর মাঠ, প্র্যাকটিস গ্রাউন্ড, হোটেল পরিদর্শন করল ব্রাজিলের ৭ সদস্যের প্রতিনিধি দল। তবে মাঠ নিয়ে খুব একটা সন্তুষ্ট নয় সেই দলের সদস্যরা।
প্রায় ৩০ মিনিট ধরে মাঠ পরিদর্শন করেন যুবভারতীর প্রতিনিধিরা। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পুরুষ জাতীয় দলের জেনারেল সুপারভাইজার সার্জিও ডিমাস দে অলিভেইরা ও জোসে ভিটর। মাঠ পরিদর্শনের পর ফেডারেশন ও রাজ্য ক্রীড়া দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তাঁরা। সূত্রের খবর, মাঠের অসমান অংশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিনিধি দলের সদস্যরা। বিশেষ করে মাঠের ঘনত্ব নিয়ে আপত্তি রয়েছে তাঁদের। মাঠকর্মীদের সঙ্গে কথা বলে প্রতিনিধিরা জানান, ঘাসের ঘনত্ব আরও বাড়াতে হবে। তা হলে ভিনিসিয়াস-সহ ব্রাজিলের ফুটবলাদের চোট পাওয়ার আশঙ্কা রয়েছে।
তবে ব্রাজিলের প্রতিনিধিদের ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে, সম্প্রতি মাঠে ডুরান্ড কাপের ম্যাচ হওয়ার ফলে পিচের অবস্থা একটু খারাপ আছে। পাশাপাশি সল্টলেক স্টেডিয়াম কমপ্লেক্স, শৌচাগার, ড্রেসিংরুম – সবকিছুই খতিয়ে দেখা হয়। সেগুলো নিয়ে মোটামুটি সন্তুষ্ট হলেও আসল সমস্যা হচ্ছে মাঠ। সেই ব্যবস্থা উন্নতি করতে পারলেই শান্তি। এদিকে, ব্রাজিল বনাম ভারত ম্যাচের টিকিটের দাম নিয়েও বৈঠক হবে খুব শীঘ্রই। তবে টিকিটের দাম এখনও চূড়ান্তভাবে জানানো না হলেও বিভিন্ন সূত্রের খবর, টিকিটের সর্বনিম্ন দাম হতে পারে ২৫০০ টাকা ও সর্বোচ্চ দাম হতে পারে ২৫ হাজার টাকা।
বিশ্ব ক্রমতালিকাতে এই মুহূর্তে ব্রাজিল রয়েছে পঞ্চম স্থানে। ভারত রয়েছে ১৩৮তম স্থানে। জানা গিয়েছে, ৩০ সেপ্টেম্বর কলকাতায় পৌঁছবে মোট ৯৬ সদস্যের টিম ব্রাজিল। ১ ও ২ অক্টোবর কলকাতায় অনুশীলন করার পর ৩ তারিখ হবে ম্যাচ। তবে ঐতিহাসিক এই ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন মাঠের মান।
