৩৯ বছর পর ইডেনে বর্ডার, বৈভবকে দেখে মুগ্ধ বিশ্বজয়ী অধিনায়ক!
IPL 2026 : বৈভবের মতোই ভয়ডরহীন ভাবে খেলতেন একজন। তাঁরও ছিল এমনই ব্যাটিং স্টাইল। সেই ব্রায়ান চার্লস লারা-র সঙ্গে অদ্ভুত মিল পেলেন বর্ডার। ৪০ বছর পরে 'ঘরে' ফিরে আবেগপ্রবণ অস্ট্রেলিয়ার প্রথম বিশ্বজয়ী অধিনায়ক।

কলকাতা বনাম রাজস্থান ম্যাচ। আরও বেশ কতগুলি ম্যাচ দেখে অবশেষে তিনি ফিরবেন দেশে। গতকাল সেই বর্ডারকেই দেখা গেল ইডেনের ম্যাচ শুরুর আগে ইডেন বেল বাজিয়ে ম্যাচ শুরু করতে। তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, ‘৮৭-র ম্যাচে যিনি ছিলেন বলবয়।
৩৯ বছর পর ইডেনে এলেন বন্ধু সুনীল গাভাস্করের আমন্ত্রণে। প্রিয় মাঠে পা দিয়ে বিশ্বজয়ী অধিনায়ক বললেন,”ইডেনে বিশ্বকাপ ফাইনাল খেলে মনে হয়েছিল, মেলবোর্নে খেলছি। ইডেন আমার কাছে সব সময়েই স্পেশাল। এখানকার দর্শকরা ভীষণ আন্তরিক।” ক্লাবহাউসের দোতলার বক্সে বসে ম্যাচ দেখলেন। পাশে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। খেলা দেখতে দেখতে বারবার নস্টালজিক হয়ে যাচ্ছিলেন বর্ডার। বারবার মনে হচ্ছিল, এই তো সেদিন বিশ্বকাপ জিতে গেলেন। তার মধ্যেই ৩৯ বছর কেটে গেল? যেটুকু সময় কথা বললেন, তার বেশিরভাগ জুড়েই ছিল রাজস্থানের ১৫ বছর বয়সী ওপেনার, বৈভব সূর্যবংশী। বৈভবের ব্যাটিংয়ে মুগ্ধ বর্ডার। বললেন,”বর্ডার বললেন,”প্যাট কামিন্সেরও দেশের জার্সিতে কম বয়সে অভিষেক হয়েছে। বৈভবের টেম্পারমেন্ট দুর্ধর্ষ। টেকনিকও ভাল। আগামী এক বছরের মধ্যেই ভারতীয় দলে আসতে পারে বৈভব। ভারতীয় ক্রিকেটের যা সিস্টেম, বৈভবের ভাল পরিচর্যা হবে।”
বৈভবের মতোই ভয়ডরহীন ভাবে খেলতেন একজন। তাঁরও ছিল এমনই ব্যাটিং স্টাইল। সেই ব্রায়ান চার্লস লারা-র সঙ্গে অদ্ভুত মিল পেলেন বর্ডার। বললেন,”বৈভবকে দেখে আমার লারার কথা মনে পড়ছে। লারাও একটু আলাদা ধরণের ছিল। ওর শট, স্টাইল সবকিছুর ঝলক রয়েছে বৈভবের মধ্যে। কি অসম্ভব জোরে শট খেলে ছেলেটা। ভাবুন, এখনই মাত্র ১৫ বছর বয়স। তাতেই এই অবস্থা। বড় হলে, পরিণত হলে কোথায় যাবে ও ?” আইপিএল দেখতে এলেও বর্ডারের মুখে শোনা গেল টেস্ট ক্রিকেটের কথা। বললেন,”টেস্ট ক্রিকেটই এখনও ক্রিকেটের রাজা। শুধু আমি একাই নই, এই প্রজন্মের অনেক ক্রিকেটারই টেস্ট ক্রিকেটকে সন্মান করে। একজন ক্রিকেটার এখন বিশ্বের যেকোনও লিগে খেলতে পারে। তবে ক্রিকেটের রাজা এখনও টেস্ট।” ৪০ বছর পরে ‘ঘরে’ ফিরে বললেন অস্ট্রেলিয়ার প্রথম বিশ্বজয়ী অধিনায়ক।
