IPL : ২০২৭ অবধি থাকবেই এই নিয়ম, ক্যাপ্টেনদের দাবি ওড়াল বিসিসিআই!
এই নিয়ম ছাড়া আরও বেশ কিছু নিয়ম নিয়ে আলোচনা করা হয়েছে। ম্য়াচের দিন যেমন প্রধান পিচে প্র্যাক্টিস করা যাবে না, তেমনই প্রত্যেক ক্রিকেটারকে টিমবাসে করেই প্র্যাকটিসে আসতে হবে। এমনই একগুচ্ছ নিয়ম গতকাল বিসিসিআই অধিনায়কদের জানিয়ে দিয়েছে।

কলকাতা: দিন কয়েক আগেই ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে আপত্তি জানিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল। তাঁর দাবি ছিল, একজন অলরাউন্ডার হিসেবে এই নিয়ম তিনি পছন্দ করেন না। গতকাল অনুষ্ঠিত হওয়া আইপিএলের ক্যাপ্টেন্স মিট বা অধিনায়কদের সঙ্গে বোর্ডের আলোচনাতেও উঠে এল এই ইমপ্যাক্ট প্লেয়ার প্রসঙ্গ। বিসিসিআই জানিয়েছে, ২০২৭ সাল অবধি এই নিয়ম থাকবে। এরপরেই এই নিয়ম সংক্রান্ত বাকি আলোচনা করা হবে। এছাড়াও আইপিএলের বাকি নতুন নিয়মগুলির সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেছেন বিসিসিআইয়ের কর্তারা।
শনিবার শুরু হচ্ছে আইপিএলের ১৯তম সংস্করণ। প্রথম ম্যাচে মুখোমুখি রজত পাতিদারের আরসিবি ও ঈশান কিষানের সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচের আগেই গতকাল হয়ে গেল এই অধিনায়ক মিট বা ক্যাপ্টেন্স মিট। এখানে যেমন নতুন নিয়মগুলি সম্বন্ধে অধিনায়কদের জানানো হয়েছে, তেমনই আলোচনা হয়েছে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়েও। ১০ দলের অধিনায়কদের সিংহভাগই এই নিয়ম নিয়ে সন্তুষ্ট নন। আগেই এই নিয়ম নিয়ে অভিযোগ জানিয়েছিলেন রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়া। দিন কয়েক আগে অভিযোগ জানালেন অক্ষর প্যাটেলও।
২০২৩ সালে এই নিয়ম চালু হয়েছে। এই নিয়মের অর্থ দুই দলের মোট ৫ জন করে অতিরিক্ত প্লেয়ারকে নথিভুক্ত করা হবে একটি ম্যাচের জন্য। এই ৫ জনের মধ্যে থেকে একজন ক্রিকেটার ব্যাটিং বা বোলিং- যেকোনও সময়ে অন্য ক্রিকেটারের পরিবর্তে মাঠে নামতে পারবেন। ২০২৪ সালে বোর্ড ঘোষণা করেছিল, ২০২৭ সাল অবধি এই নিয়ম থাকবে আইপিএলে। বোর্ডের মতে, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম ২০২৭ সাল অবধি থাকলেও অধিনয়কদের একটা বড় অংশ এই নিয়মের বিরোধিতা করেছে। যদিও, এর ফলে আইপিএলে কোনও নিয়ম পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম এখনই বদল করবে না বোর্ড।
এই নিয়ম ছাড়া আরও বেশ কিছু নিয়ম নিয়ে আলোচনা করা হয়েছে। ম্য়াচের দিন যেমন প্রধান পিচে প্র্যাক্টিস করা যাবে না, তেমনই প্রত্যেক ক্রিকেটারকে টিমবাসে করেই প্র্যাকটিসে আসতে হবে। এমনই একগুচ্ছ নিয়ম গতকাল বিসিসিআই অধিনায়কদের জানিয়ে দিয়েছে। এছাড়াও বল পরিবর্তন নিয়েও নিয়ম এনেছে বোর্ড। ফিল্ডিং দলের অধিনায়ক চাইলে ১০ ওভারের পর ম্যাচের বল পরিবর্তন করার আবেদন করতে পারবেন। সেই আবেদনে সাড়া দেওয়ার সিদ্ধান্ত নেবেন একমাত্র মাঠে থাকা আম্পায়ারদ্বয়। কিন্তু এই মুহূর্তে, আইপিএলের আগেই ১০ দলের মধ্যে আলোড়ন পরে গিয়েছে, যার মূলে রয়েছে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম।
