Harshit Rana: হর্ষিত রানার চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু তিন উইকেটে, ধারাবাহিকতার কৃতিত্ব দিলেন ‘গুরু’কে
India vs Bangladesh in Champions Trophy 2025: ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভরসা দেখিয়েছে হর্ষিত রানার উপর। কোচ গৌতম গম্ভীর তাঁকে কেকেআরে দেখেছেন। আইপিএলে প্রতিপক্ষ হিসেবেও। গম্ভীরের নজরে আগেই পড়েছিলেন। গম্ভীরের ভরসার মর্যাদাও দিয়েছেন হর্ষিত। ধারাবাহিকতা বজায় রেখেছেন ভারতের এই তরুণ পেসার।

টেস্ট, টি-টোয়েন্টি, ওয়ান ডে। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটেই খেলেছেন। আর তিন ফরম্যাটেই অভিষেক ম্যাচে তিন উইকেট। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফি অভিষেক বা আরও পরিষ্কার করে বললে আইসিসির টুর্নামেন্টে ডেবিউ ম্যাচেও সেই তিন উইকেট! স্কোয়াডে অর্শদীপ সিংয়ের মতো তুলনামূলক অভিজ্ঞ পেসার রয়েছে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভরসা দেখিয়েছে হর্ষিত রানার উপর। কোচ গৌতম গম্ভীর তাঁকে কেকেআরে দেখেছেন। আইপিএলে প্রতিপক্ষ হিসেবেও। গম্ভীরের নজরে আগেই পড়েছিলেন। গম্ভীরের ভরসার মর্যাদাও দিয়েছেন হর্ষিত। ধারাবাহিকতা বজায় রেখেছেন ভারতের এই তরুণ পেসার। এর জন্য কৃতিত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাকে।
দীর্ঘ সময় ধরেই ভারতীয় দলের সঙ্গে ছিলেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বর্ডার-গাভাসকর ট্রফিতে। বাকি দুই ফরম্যাটে ডেবিউ ম্যাচ খেলেন ঘরের মাঠে ইংল্য়ান্ড সিরিজে। জাতীয় দলে ঢোকার পর থেকে বুমরার মতো কিংবদন্তির সঙ্গ পাওয়াটা যে তাঁকে কতটা সাহায্য করেছে, কৃতজ্ঞতা জানাতে ভুলছেন না হর্ষিত রানা।
বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করেছে ভারত। ৭.৪ ওভারে মাত্র ৩১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন হর্ষিত। ‘বাঘ’ শিকার করে হর্ষিত বলেন, ‘অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফির সময় বুমরার সঙ্গে সর্বক্ষণ কথা হত। শুধুমাত্র টেস্ট ক্রিকেট নয়, বাকি ফরম্যাট নিয়েও নানা বিষয়ে আলোচনা করেছি। ও যেমন ধারাবাহিকতা দেখায়, সেটা শেখার চেষ্টা করেছি।’
বুমরার থেকে যে অনেক কিছু শিখেছেন, জানাতে ভুললেন না। বলছেন, ‘জস্সি ভাইয়ের থেকে অনেক কিছু শিখেছি। আমার অনেক লাভ হয়েছে। ওর অনেক অভিজ্ঞতা। কোন ফরম্যাটে, কোন পরিস্থিতিতে কেমনই বোলিং করতে হবে, সে বিষয়ে পথ দেখিয়েছে।’ বুমরার পাশাপাশি ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেলকে কৃতিত্ব দিতেও ভুললেন না হর্ষিত।
