Ishan Kishan: এত অবাধ্য কেন? মাঠে নেমেই মারাত্মক ভুল, আবার বোর্ডের রোষে ঈশান!
সময়টা সত্যিই খারাপ যাচ্ছে ঈশান কিষাণের (Ishan Kishan)। বলা যায়, ভালো সময়ের খোঁজই পাচ্ছেন না ঝাড়খণ্ডের ক্রিকেটার। কোচ রাহুল দ্রাবিড়ের নির্দেশ মেনে রঞ্জি ট্রফির ম্যাচ খেলেননি। যে কারণে বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদও পড়েছেন। তাঁর কেরিয়ার নিয়েও উঠতে শুরু করে দিয়েছে প্রশ্ন। এ বারের আইপিএল হতে পারে লাইফলাইন।

কলকাতা: সময়টা সত্যিই খারাপ যাচ্ছে ঈশান কিষাণের (Ishan Kishan)। বলা যায়, ভালো সময়ের খোঁজই পাচ্ছেন না ঝাড়খণ্ডের ক্রিকেটার। কোচ রাহুল দ্রাবিড়ের নির্দেশ মেনে রঞ্জি ট্রফির ম্যাচ খেলেননি। যে কারণে বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদও পড়েছেন। তাঁর কেরিয়ার নিয়েও উঠতে শুরু করে দিয়েছে প্রশ্ন। এ বারের আইপিএল হতে পারে লাইফলাইন। পরিস্থিতি যখন এমন, ঈশান কিষাণ আবার বড়সড় সমস্যায় পড়তে পারেন। নির্দেশ অমান্য করার জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বিসিসিআই। পুরো ঘটনা কী?
রঞ্জি না খেললেও ডিওয়াই পাটিল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছেন ঈশান। বেশ কিছু ভারতীয় ক্রিকেটারও অংশ নিয়েছেন তাতে। ঈশানের সঙ্গে হার্দিক পান্ডিয়াকেও খেলতে দেখা যাচ্ছে। প্রথম ম্যাচে নেমে ঈশান কার্যত কিছু করতে পারেননি। ব্যাটে রান না থাকা নিয়ে কথা বরং কম, কিন্তু তাঁর হেলমেটের দিকেই নজর সবার। বিসিসিআইয়ের লোগো লাগানো হেলমেট পরে মাঠে নেমেছিলেন ঈশান। যা বোর্ড ভালো ভাবে নিচ্ছে না। নির্দেশ অমান্য করার পর্যায়েই পড়েছে। ঈশান এত অবাধ্য কেন, তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। নিয়মের তোয়াক্কাই বা করছেন না কেন, জানতে চাইছেন অনেকেই।
View this post on Instagram
বোর্ডের স্পষ্ট নির্দেশ, ঘরোয়া ক্রিকেট কিংবা অন্য কোনও টুর্নামেন্টে বিসিসিআইয়ের লোগো লাগানো কোনও জিনিস ব্যবহার করা যাবে না। অর্থাৎ হেলমেটে, টি-শার্টে বা টুপিতে যদি লোগো থাকে, তা ঢেকে দিতে হবে। এই নির্দেশ কিন্তু অন্য ক্রিকেটাররা অক্ষরে অক্ষরে পালন করছেন। যেমন তিলক ভার্মা। তিনিও খেলছেন এই টুর্নামেন্ট। যিনি ভারতীয় টিমের হেলমেট পরে খেললেও লোগো ঢেকে দিয়ে মাঠে নেমেছিলেন। ঈশান এ সবের কোনও তোয়াক্কাই করেননি। ঘটনা হল, মাঠের আম্পায়াররাও বোর্ডের এই নির্দেশ জানেন। টিমের কোচ বা কর্তারাও ওয়াকিবহাল। তাঁদের নজর এড়িয়ে গেল কি করে ঈশানের কাণ্ড, তা নিয়েও উঠছে প্রশ্ন।
