Virat Kohli: ৩ হাজার ডেলিভারি দরকার… বিরাটকে ফর্মে ফেরার টোটকা দিলেন যুবির বাবা!
India vs England, Indian Cricket: ওই ম্যাচেই রোহিত সেঞ্চুরি করে দুশ্চিন্তা কমিয়েছেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিরাটকে নিয়েই যত উদ্বেগ। কিং কোহলিকে ফর্মে ফেরার টোটকা দিলেন যুবরাজ সিংয়ের বাবা। কী পরামর্শ দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যোগরাজ সিং?

কলকাতা: একই বন্ধনীতে ছিলেন রোহিত শর্মাও। দুরন্ত সেঞ্চুরি করে তিনি ফর্মে ফিরেছেন। ছন্দহারার দলে এখন একা বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চিন্তা কমাতে পারছেন না। বরং বাড়িয়ে দিচ্ছেন আরও। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচে টিমে ফিরেছেন। কিন্তু রানে ফিরতে পারেননি। ৮ বলে ৫ করে ফিরেছেন। ওই ম্যাচেই রোহিত সেঞ্চুরি করে দুশ্চিন্তা কমিয়েছেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিরাটকে নিয়েই যত উদ্বেগ। কিং কোহলিকে ফর্মে ফেরার টোটকা দিলেন যুবরাজ সিংয়ের বাবা। কী পরামর্শ দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যোগরাজ সিং?
নিজের ইউটিউব চ্যানেলে যোগরাজ বলে দিয়েছেন, ‘এই ধরনের শটেই এখন আউট হচ্ছে বিরাট। এটাও মাথায় রাখতে হবে, বিরাট কিন্তু কভার ড্রাইভটা অসম্ভব ভালো মারে। কিন্তু ওর এই শটটাই এখন কাজ করছে না। কেন করছে না, সেটা ওর কোচ নিশ্চয়ই জানে।’ অফফর্ম বা ব্যাডপ্যাচ থেকে বেরোতে কী করা দরকার বিরাটের? যোগরাজের পরামর্শ, ‘আমার মনে হয়, ও যদি ২ হাজার ৩ হাজার বল ওই শটটাই খেলে, তা হলে আত্মবিশ্বাস ফিরে পাবে। ক্রিজে আরও বেশি সময় কাটানো দরকার বিরাটের। যে ক্রিকেটার খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়, সে মানসিক ভাবে খারাপ থাকে। এই রকম হলে টিমমেটদের সঙ্গে আরও বেশি সময় কাটানো উচিত। তাতে নিজেকে ফিরে পেতে সুবিধা হয়।’
বিরাটের মতো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন রোহিতও। কিন্তু সেখান থেকে ফিরে এসেছেন প্রবল ভাবে। দুরন্ত সেঞ্চুরি করে ঝলসে উঠেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে রোহিতের ফর্মে ফেরা চাপ কমাচ্ছে টিম ইন্ডিয়ার। যোগরাজও কিন্তু রোহিতের ছন্দ দেখে খুশি।
