KKR : রিঙ্কুর ব্যাটে শাপমুক্তি, বিতর্কের কেন্দ্রে অধিনায়ক রাহানে!
IPL : ১৫৬ তাড়া করতে নেমে কেকেআর যেভাবে কেঁদে-কঁকিয়ে ম্যাচ জিতল, এরপর আর এই দলকে দেখে আশা -ভরসা কিছুই হয় না। কী ভাগ্য়িস, ১৮০ রান তাড়া করতে হয়নি তাদের, তাহলে তো আবার কপালে হার জুটত নাইটদের। সাংবাদিক সন্মেলনে বরুণ বললেন, ম্যাচ জিতে অনেকেই চোখের জল ফেলেছেন।

কলকাতা : ৪ মে ২০২৫, শেষবার আইপিএলে কোনও ম্যাচ জিতেছিল কেকেআর (KKR) । সেখান থেকে ২০ এপ্রিল ২০২৬ – আবার ম্যাচে জয় পেল নাইটরা (Kolkata Knight Riders)। দুই ম্যাচেই প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ইডেনে সেই ম্যাচে কেকেআর জিতেছিল ১ রানে। গতকাল রাজস্থানকে হারাল ৪ উইকেটে। কেকেআরকে জেতালেন রিঙ্কু সিং (Rinku Singh), যিনি বেশ কয়েক ম্যাচে রান না পেয়ে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছিলেন। ৮ রানের মাথায় তাঁর ক্যাচ ফেললেন নান্দ্রে বার্গার। সেই ক্যাচ ধরে নিলে সেখানেই ম্যাচ হেরে বসত নাইটরা। কিন্তু ভাগ্যদেবীর আশা হয়ত অন্য কিছু ছিল। সেই রিঙ্কুই অর্ধশতরান করলেন, কেকেআরকে ম্যাচ জেতালেন, তারপর কেঁদে ভাসালেন।
এরই মাঝে টানা দুই ম্যাচে শূন্য করলেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। ইনিংসের দ্বিতীয় ওভারেই বিদায় নেন নাইট অধিনায়ক। তাঁকে আউট করলেন বার্গার। আগের ম্যাচে আউট হয়েছিলেন প্রথম বলে, আর রবিবার হলেন দ্বিতীয় বলে। আইপিএল শুরু হওয়ার পর থেকেই ক্রমাগত সমালোচিত হচ্ছেন তিনি। ম্যাচের কৌশল, ক্যাপ্টেন্সি, ব্যাটিং – সব দিক থেকেই যেন বিদ্ধ কেকেআর অধিনায়ক রাহানে। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে রাহানে বললেন,”এই জয় আমাদের আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করবে। কিন্তু, কোথাও গিয়ে আমার মনে হয় স্ট্রাইক রেট আসলে একটি ওভাররেটেড বস্তু।” ভাবুন, ব্যাটে রান নেই ক্যাপ্টেনের, ক্রমাগত ব্যর্থ, তাঁর নাকি আবার স্ট্রাইক রেট নিয়ে চিন্তা! ভাবা যায় ?
১৫৬ তাড়া করতে নেমে কেকেআর যেভাবে কেঁদে-কঁকিয়ে ম্যাচ জিতল, এরপর আর এই দলকে দেখে আশা -ভরসা কিছুই হয় না। কী ভাগ্য়িস, ১৮০ রান তাড়া করতে হয়নি তাদের, তাহলে তো আবার কপালে হার জুটত নাইটদের। সাংবাদিক সন্মেলনে বরুণ বললেন, ম্যাচ জিতে অনেকেই চোখের জল ফেলেছেন। অবশেষে জয় যেন প্রচন্ড স্বস্তি দিয়েছে দলের সদস্যদের। এই মধ্যেই সোশ্যাল মিডিয়ায় রাহানেকে সরানোর দাবি নিয়ে সরব সমর্থকরা। সোশ্যাল মিডিয়া জুড়ে দেখা যাচ্ছে অজস্র মিম। এই আইপিএলের এটাই বোধহয় সবথেকে বড় দৃশ্যপট। সে যে যাই বলুন, দুই পয়েন্ট তো জুটেছে, তাই বা কম কি ?
