Jasprit Bumrah: বুমরাকে ছাড়া খেলতে শেখো… মেন ইন ব্লুকে ‘লক্ষ্য’ বোঝালেন দেশের প্রাক্তনী
দেশের মাটিতে বুমরাকে ছাড়াই ভারত সদ্য জস বাটলারকে তিন ম্যাচের ওডিআই সিরিজে ক্লিনসুইপ করেছে। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যেহেতু বুমরাকে ছাড়াই খেলতে হবে ভারতীয় টিমকে। তাই দেশের প্রাক্তন তারকা ক্রিকেটার হরভজন সিং দলের সকলকে এক বিশেষ পরামর্শ দিয়েছেন।

কলকাতা: জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) ছাড়াই মিনি বিশ্বকাপে নামবে টিম ইন্ডিয়া। যে কারণে ক্রিকেট মহলে একটা বিষয়ে জোর আলোচনা হচ্ছে। আর তা হল, বুমরার অভাব চ্যাম্পিয়ন্স ট্রফিতে টের পাবে ভারত। দেশের মাটিতে বুমরাকে ছাড়াই ভারত সদ্য জস বাটলারকে তিন ম্যাচের ওডিআই সিরিজে ক্লিনসুইপ করেছে। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যেহেতু বুমরাকে ছাড়াই খেলতে হবে ভারতীয় টিমকে। তাই দেশের প্রাক্তন তারকা ক্রিকেটার হরভজন সিং দলের সকলকে এক বিশেষ পরামর্শ দিয়েছেন। বুমরাকে ছাড়াই খেলতে শিখতে হবে টিম ইন্ডিয়াকে। একইসঙ্গে ভারতীয় টিমের লক্ষ্য কী হওয়া উচিত, সেটাও বুঝিয়েছেন।
নিজের ইউটিউব চ্যানেলে হরভজন সিং বলেছেন, “আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়াই ফেভারিট। বুমরা অসাধারণ। ও ম্যাচ জেতাতে পারে। বুমরা ছাড়াও সেখানে অর্শদীপ সিং, মহম্মদ সামি, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাডেজার মতো একঝাঁক অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার রয়েছে। ভারত ফেভারিট, কিন্তু ওদের খেলার সময়ও এটা মনে রাখতে হবে যে ওরা ফেভারিট।”
বুমরার অনুপস্থিতিতে বড় দায়িত্ব থাকছে মহম্মদ সামি, অর্শদীপ সিং ও হর্ষিত রানার উপর। ভাজ্জির কথায়, ‘ভারতে আমি ফেভারিট বলার অন্যতম কারণ, এই টিমে থাকা প্লেয়ারদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে। রোহিত ফর্মে ফিরেছে, বিরাটও রান করছে, শুভমন গিল ও শ্রেয়স আইয়ার রান করছে। ফলে ব্যাটিং ও বোলিং বিভাগ ভালো কাজ করছে। শেষ কয়েক ওভারে যখন প্রতিপক্ষর হাতে মাত্র কয়েক রান প্রয়োজন এবং ২টো বা তিনটে উইকেট আছে এমন সময় আমার মনে হয় বুমরার অভাব হয়তো অনুভব হবে। তবে আমি মনে করি যদি ভারতীয় টিম টুর্নামেন্টে জিততে চায়, তা হলে বুমরাকে ছাড়া খেলতে শিখতে হবে।’
উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টে ভারতের সফর শুরু হবে ২০ ফেব্রুয়ারি। ওই ম্যাচে রোহিত শর্মার দলের প্রতিপক্ষ বাংলাদেশ।
