Rinku Singh Father passes away: প্রয়াত রিঙ্কু সিংয়ের বাবা, বিশ্বকাপে আর কি খেলবেন ক্রিকেটার?
Rinku Singh: জানা গিয়েছে, লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন রিঙ্কুর বাবা। বিগত কয়েকদিন ধরে ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন তিনি, চলছিল রেনাল সাপোর্ট। তবে সেই লড়াই আর লড়তে পারলেন না। আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

লখনউ: শোকের ছায়া রিঙ্কু সিংয়ের (Rinku Singh) পরিবারে। প্রয়াত ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বাবা খানচন্দ সিং। চতুর্থ স্টেজ ক্যানসারের সঙ্গে লড়ছিলেন তিনি। গ্রেটার নয়ডার একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চলতি সপ্তাহেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। টি-২০ বিশ্বকাপে (T-20 World Cup) জিম্বাবোয়ের ম্যাচ ছেড়ে চলে এসেছিলেন রিঙ্কু। তবে পরবর্তী ম্যাচের জন্য আবার টিমে ফিরতেই বাড়ি থেকে এল এই দুঃসংবাদ।
জানা গিয়েছে, লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন রিঙ্কুর বাবা। বিগত কয়েকদিন ধরে ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন তিনি, চলছিল রেনাল সাপোর্ট। তবে সেই লড়াই আর লড়তে পারলেন না। আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সূত্রের খবর, বাবার প্রয়াণের খবর পেয়েই টিম ইন্ডিয়া থেকে বেরিয়ে এসেছেন রিঙ্কু। ইতিমধ্যেই তিনি আলিগড়ের উদ্দেশে রওনা দিয়েছেন। টি-২০ বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতেও রিঙ্কু খেলবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। আগামী রবিবার, ১ মার্চ কলকাতায় ইডেনে সুপার এইটে ভারতের ম্যাচ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।
প্রসঙ্গত, রিঙ্কুর কেরিয়ারের সাফল্যে বড় অবদান ছিল তাঁর বাবার। আলিগড়ে এলপিজি সিলিন্ডার ডেলিভারি করতেন তিনি। চরম অর্থকষ্টের মধ্যেও তিনি রিঙ্কুর স্বপ্নপূরণে কোনও খামতি রাখেননি। রিঙ্কুও তাঁর বাবার পরিশ্রম ও অবদানের কথা বলেছেন।
ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন স্পিনার হরভজন সিং রিঙ্কুর বাবার প্রয়াণের খবর পেয়েই সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে হরভজন লেখেন, “রিঙ্কু সিংয়ের বাবা, শ্রী খানচন্দ সিংজির প্রয়াণের খবর পেলাম। রিঙ্কু ও তাঁর পরিবারের জন্য এটা অত্যন্ত কঠিন সময়, যখন টি২০ বিশ্বকাপের দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে। ওঁর ও পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। ওয়াহেগুরু তাঁর আত্মাকে শান্তি দিক এবং তাঁর পরিবারকে শক্তি ও সাহস দিক।”
