FIFA World Cup 2026: ক্লাব বিশ্বকাপের পুনরাবৃত্তি, বিশ্বকাপের ফাইনালে ট্রফি সেলিব্রেট করাবেন ট্রাম্প?
Donald Trump: সাধারণত, ট্রফিটি প্রথমে একটি স্ট্যান্ডে রাখা থাকে। তারপর বিজয়ী দলের অধিনায়কের হাতে ফিফা প্রেসিডেন্ট নিজে ট্রফিটি তুলে দেন ও তারপর তিনি নিজের দলের সাথে সেলিব্রেট করেন তবে এবার সেই নিয়মেই পরিবর্তন হচ্ছে।

আমেরিকা: রমরমিয়ে চলছে ফুটবল বিশ্বকাপ ২০২৬ (FIFA World Cup 2026)। আজ, বুধবার সকালে হ্যাটট্রিক করলেন লিও মেসি (Leo Messi)। এই হ্যাটট্রিক করেই বিশ্বকাপে ১৬টি গোল হয়ে গেল মেসির। আর একটা গোল করলেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন মেসি। জার্মানির মিরোস্লাভ ক্লোজে (Miroslav Klose) ২০১৪ সালে অর্থাৎ নিজের শেষ বিশ্বকাপে করেছিলেন ১৬ গোল। ২০০৬ থেকে কেরিয়ার শুরু করলেও এই মুহূর্তে ১৬ গোল হয়ে গেল মেসির। যার মধ্যে আজ করলেন বিশ্বকাপের কেরিয়ারে প্রথম হ্যাটট্রিক। তবে ইতিমধ্যেই বিশ্বকাপ নিয়ে নানা বিতর্কের মাঝেই আরও একটা বিতর্ক নতুন করে দানা বেঁধেছে।
শোনা গিয়েছে, বিশ্বকাপ ফাইনালের মঞ্চে ট্রাম্প উপস্থিত থাকবেন। অতীতেও, ২০২৫ সালে যখন ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনাল হল, তখনও পিএসজি বনাম চেলসি ম্যাচে ট্রফি সেলিব্রেশন চলাকালীন পোডিয়ামে ছিলেন ট্রাম্প। এই ঘটনার ফলে যারপরনাই অস্বস্তিতে পড়েন ফুটবলাররা। এমনকি কোল পালমারের প্রতিক্রিয়া দেখেই বোঝা গিয়েছিল, তাঁরা অস্বস্তিতে পড়েছেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেই ম্যাচের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। এবার সেই একই মাঠে আগামী ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। এবং ট্রাম্পের জন্যই ফিফা তাদের প্রটোকল বদল করতে রাজি হয়েছে। এর ফলে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দিতে পারবেন।
সাধারণত, ট্রফিটি প্রথমে একটি স্ট্যান্ডে রাখা থাকে। তারপর বিজয়ী দলের অধিনায়কের হাতে ফিফা প্রেসিডেন্ট নিজে ট্রফিটি তুলে দেন ও তারপর তিনি নিজের দলের সাথে সেলিব্রেট করেন তবে এবার সেই নিয়মেই পরিবর্তন হচ্ছে। এই প্রসঙ্গে মনে পড়ছে আরও একটি ঘটনা। ট্রাম্প নাকি আবদার করেছিলেন তাঁকে আসল ক্লাব ওয়ার্ল্ড কাপ দিয়ে দেওয়া হোক ও বিজয়ী দল চেলসিকে একটি রেপ্লিকা ট্রফি দেওয়া হোক তবে ট্রাম্প নিজে বলেছেন, তাঁকে নিজে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো অনুরোধ করেছেন, তিনি যেন আসল ট্রফিটি রেখে দেন যদিও সেই কথা শুনে সমালোচনা করেছিলেন সমর্থকরা। সমর্থকরা বলছেন, এবার কী আসল বিশ্বকাপও উপহার চাইবেন মেসি? যদি এই ঘটনার পুনরাবৃত্তি হয়, তাহলে ফিফার যে নাক কাটবে, তা বলাই বাহূল্য।
