CFL : চ্যাম্পিয়নশিপের দৌড়ে ৫ দল, কলকাতা লিগের আগে বিশেষ সিদ্ধান্ত আইএফএ-র!
Mohun Bagan: এই বছর গ্ৰুপ পর্বের পয়েন্ট যোগ হবে না চ্যাম্পিয়নশিপ রাউন্ডে। ফলে, এই রাউন্ডে খেলা হবে ৩ ম্যাচ ও এই ৩ ম্যাচ শেষে যে দল সবার উপরে থাকবে, তারাই হবে চ্যাম্পিয়ন। এই মুহূর্তে মোহনবাগান ও মহমেডান - দুজনেই একটি করে ম্যাচ জিতেছে ও একটি ম্যাচ ড্র করেছে।

কলকাতা : সিএফএল অর্থাৎ কলকাতা লিগ একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। তাই শেষ মুহূর্তে সূচি বদল করল আইএফএ। চ্যাম্পিয়নশিপ রাউন্ডে সব কটি ম্যাচ একই সময়ে শুরু হতে চলেছে আলাদা আলাদা মাঠে। এর ফলে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলা মোহনবাগান বনাম মহমেডান ম্যাচ পিছিয়ে গেল।
নতুন সূচি অনুযায়ী, এই ম্যাচটি হবে ১৯ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার। অনেক আগে থেকেই মোহনবাগান দাবি জানিয়েছিল, সব ম্যাচ এক সময় চালু করতে। সেই দাবিকেই অবশেষে মেনে নিল ফেডারেশন। এর আগে গণেশ পুজোর জন্য ইস্টবেঙ্গল বনাম মহমেডান ম্যাচের স্থান পরিবর্তন হয়েছিল। তবে এবার ১৯ সেপ্টেম্বর একসঙ্গে সব ম্যাচ হবে। ইস্টবেঙ্গল খেলবে কোল ইন্ডিয়ার বিরুদ্ধে। এই ম্যাচটি শুরু হবে ১৯ সেপ্টেম্বর, ইস্টবেঙ্গল মাঠে। ভবানীপুর বনাম ইউনাইটেড স্পোর্টসের ম্যাচ একই সময় শুরু হবে ব্যারাকপুরে। বারাসত স্টেডিয়ামে মোহনবাগান খেলবে মহমেডানের বিরুদ্ধে। সব কটি ম্যাচই শুরু হবে বিকেল ৩টে নাগাদ।
লিগের বর্তমান অবস্থা কী?
এই বছর গ্ৰুপ পর্বের পয়েন্ট যোগ হবে না চ্যাম্পিয়নশিপ রাউন্ডে। ফলে, এই রাউন্ডে খেলা হবে ৩ ম্যাচ ও এই ৩ ম্যাচ শেষে যে দল সবার উপরে থাকবে, তারাই হবে চ্যাম্পিয়ন। এই মুহূর্তে মোহনবাগান ও মহমেডান – দুজনেই একটি করে ম্যাচ জিতেছে ও একটি ম্যাচ ড্র করেছে। দুজনেরই আছে ৪ পয়েন্ট। ইস্টবেঙ্গল দুই ম্যাচ ড্র করে পেয়েছে ২ পয়েন্ট। যদি মোহনবাগান, মহমেডান ড্র করে ও ইস্টবেঙ্গল কোল ইন্ডিয়ার বিরুদ্ধে ৫ বা তার বেশি গোলের ব্যবধানে জেতে, তাহলে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন। যদি বাগান ও সাদা কালো ব্রিগেডের মধ্যে কেউ জেতে, তাহলে সে চ্যাম্পিয়ন।
লড়াইতে রয়েছে ইউনাইটেড স্পোর্টস ও ভবানীপুরও। ইউনাইটেড স্পোর্টস পেয়েছে ২ পয়েন্ট। ভবানীপুর পেয়েছে ৩ পয়েন্ট। যদি ৩ প্রধান ড্র করে ও ভবানীপুর ইউনাইটেডকে হারায়, তাহলে ৬ পয়েন্ট নিয়ে তারা চ্যাম্পিয়ন হবে। যদি ৩টি ম্যাচই ড্র হয়, তখন বাগান ও মহমেডান থামবে ৫ পয়েন্টে, ইউনাইটেড স্পোর্টস ও ইস্টবেঙ্গল থামবে ৩ পয়েন্ট, ভবানীপুর পাবে ৪ পয়েন্ট। তখন বাগান ও মহমেডানের মধ্যে গোল পার্থক্য দেখা হবে ও সেই অনুযায়ী চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে। তাই সব চোখ এখন এক দিনের উপরেই।
