Ranji Trophy: সার্ভিসেসের বিরুদ্ধে বাংলা দলে নেই শামি, আবার কী হল তারকা বোলারের?
Mohd Shami: শামির পাশাপাশি এই দলে নেই মুকেশ কুমার ও আকাশ দীপও। তাঁদেরকে সুযোগ দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের সঙ্গে খেলতে যাওয়া 'ভারতীয় এ' দলে। যদিও আজকের ম্যাচে খেলবেন তাঁর ভাই মহম্মদ কাইফ ও পেসার সুরজ সিন্ধু জয়সোয়াল।

কলকাতা : নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট-ওডিআই-টি-টোয়েন্টি, কোনও ফরম্যাটেই সুযোগ হয়নি মহম্মদ শামির। এবার রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচে বাংলার হয়েও খেলছেন না এই ভারতীয় পেসার। আজ, রবিবার থেকে দিল্লির পালাম এ স্টেডিয়ামে সার্ভিসেসের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ২০২৬-২৭ মরসুমে এলিট গ্ৰুপ সি-র ম্যাচে বাংলার প্রথম একাদশে রাখা হয়নি তাঁকে।
কল্যাণীতে রঞ্জি ট্রফির এই মরসুমের প্রথম ম্যাচে দিল্লিকে হারিয়ে দিয়েছে বাংলা। সেই ম্যাচেই ২ ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিয়েছেন শামি, যার মধ্যে প্রথম ইনিংসেই ছিল ৪ উইকেট। সেই পারফরম্যান্সের পরেই জাতীয় দলে ফেরার আশা করেছিলেন এই অভিজ্ঞ পেসার। কিন্তু নিউজিল্যান্ড সফরের জন্য প্রকাশিত দলেও তাঁকে জায়গা দেওয়া হয়নি। এরপরেই জানা গিয়েছে এই ম্যাচে খেলছেন না তিনি। কারণ হিসেবে বলা হচ্ছে, অতিরিক্ত ধকল এড়াতে তাঁকে বিশ্রাম দেওয়া হচ্ছে। টসের আগে দলের ফিজিয়োর সঙ্গে কথা বলতে দেখা যায় শামিকে। যদিও প্র্যাকটিসে সক্রিয় ছিলেন ৩৬ বছরের এই পেসার।
শামির পাশাপাশি এই দলে নেই মুকেশ কুমার ও আকাশ দীপও। তাঁদেরকে সুযোগ দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের সঙ্গে খেলতে যাওয়া ‘ভারতীয় এ’ দলে। যদিও আজকের ম্যাচে খেলবেন তাঁর ভাই মহম্মদ কাইফ ও পেসার সুরজ সিন্ধু জয়সোয়াল। আগামী ২৪ অক্টোবর লিঙ্কনে শুরু হতে চলেছে ভারতীয় ‘এ’ দলের বেসরকারি টেস্ট সিরিজ। সেই সিরিজে অংশ নিতে আগামী কয়েক দিনের মধ্যেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন মুকেশ কুমার ও আকাশ দীপ। এই দুই পেসারের পরিবর্তে বাংলার হয়ে খেলবেন শাহবাজ আহমেদ ও সুরজ।
