Neeraj Chopra: নীরজ চোপড়ার সামনে এবার আরও কঠিন পরীক্ষা, ডায়মন্ড লিগে নামছেন আরশাদ-রুমেশও!
Diamond League: আগামী সেপ্টেম্বরে শুরু হবে এশিয়ান গেমস ২০২৬। তার আগে লোজান ডায়মন্ড লিগ নীরজ চোপড়া, আরশাদ নাদিম, রুমেশ পাথিরাগেদের কাছে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখা হচ্ছে এই প্রতিযোগিতাকে।

লোজান : কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপো জয়ের পর এবার নতুন লক্ষ্যে চোখ নীরজ চোপড়ার। ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার আগামী ২১ আগস্ট সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা লোজান ডায়মন্ড লিগে অংশ নেবেন। সেখানে আরও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাঁকে। কমনওয়েলথে নীরজকে হারিয়ে যিনি সোনা পেয়েছেন, সেই রুমেশও থাকবেন প্রতিযোগিতায়। গ্লাসগোয় তিনি ৮৯.৭৫ মিটার জ্যাভলিন ছুঁড়ে হৈচৈ ফেলে দেন।
লোজান ডায়মন্ড লিগে নিরোজের সামনে আরও বড় চ্যালেঞ্জ থাকছে। প্রতিযোগিতায় অংশ নেবেন পাকিস্তানের আরশাদ নাদিম, ত্রিনিদাদ ও টোবাগোর বিশ্বচ্যাম্পিয়ন কেশর্ন ওয়ালকট, টোকিও অলিম্পিকের রুপোজয়ী জাকুব ভাদলেইচ, জার্মানির জুলিয়ান ওয়েবার ও মার্কিন কাটিস থম্পসন। কমনওয়েলথ গেমসের ফাইনালে যাঁরা একে অপরের বিরুদ্ধে লড়েছিলেন, তাঁদের মধ্যে ৫জন আবার মুখোমুখি হবেন ফলে শুরু থেকেই এক জমজমাট লড়াই দেখা যাবে।
রুপো জিতেও খুশি নীরজ- কমনওয়েলথ গেমসের ফাইনালে নীরজ প্রথম প্রচেষ্টায় ৮০.৯৭ মিটার ছোঁড়েন। দ্বিতীয় বারে ৮৫.৮৩ মিটার ছোঁড়েন, যা ফাইনালে তাঁর সেরা হয়। এরপর তাঁর থ্রোগুলি ছিল যথাক্রমে ৮১.২৯ মিটার ও ৮০.৭৩ মিটার। শেষ দুটি প্রচেষ্টা ফাউল হয়। রুপো জিতে নীরজ বলেন,“আমি খুব খুশি। দেশের জাতীয় সংগীত বাজলে সব সময় ভাল্লাগে। সোনা না পেলেও সমস্যা নেই। আমি নিজের সেরা পারফরম্যান্স করেছি ও চোট থেকে ফিরে ধীরে ধীরে ছন্দে ফিরছি।”
আগামী সেপ্টেম্বরে শুরু হবে এশিয়ান গেমস ২০২৬। তার আগে লোজান ডায়মন্ড লিগ নীরজ চোপড়া, আরশাদ নাদিম, রুমেশ পাথিরাগেদের কাছে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখা হচ্ছে এই প্রতিযোগিতাকে। আগামী কয়েক মাস বিশ্বের সেরা জ্যাভিলিন থ্রোয়ারদের মধ্যে জমজমাট লড়াই দেখা যেতে পারে।
