Romelu Lukaku: ১৬ বছরের কেরিয়ারে ইতি, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোমেলু লুকাকুর!
Belgium Football: মাত্র ১৬ বছর বয়সে জাতীয় দলে অভিষেক হয়েছিল লুকাকুর। এরপর বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চগুলিতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। তাঁর এই দীর্ঘ যাত্রা আগামী প্রজন্মের তরুণ ফুটবলারদের অনুপ্রেরণা জোগাবে বলেও জানিয়েছে বেলজিয়াম ফুটবল ফেডারেশন।

কলকাতা: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন বেলজিয়ামের তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু। সোমবার নিজের ইন্সটা হ্যান্ডলে এই সিদ্ধান্তের কথা জানান ৩৩ বছর বয়সী এই ফুটবলার। দেশের হয়ে ১৬ বছরের কেরিয়ারে ১৩৫টি ম্যাচ খেলে ৯৪টি গোল করেছেন লুকাকু। বেলজিয়ামের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও তিনিই।
আন্তর্জাতিক ফুটবলে পুরুষদের মধ্যে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন তিনি। তাঁর উপরে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১৪৬), লিও মেসি (১২৬), আলি দাই (১০৮), সুনীল ছেত্রী (৯৫)। অর্থাৎ, মাত্র ১টি গোল করে লুকাকুর উপরে রয়েছেন ভারতীয় ফুটবলের এই তারকা। নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়ে লুকাকু লিখেছেন, দেশের হয়ে ১৬ বছরের কেরিয়ারে তিনি জীবনের প্রায় সব ধরনের আবেগ দেখেছেন। এই সময়ে ৪টি বিশ্বকাপ ও ৩টি ইউরো কাপে বেলজিয়ামের প্রতিনিধিত্ব করেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্তে তিনি শান্তিতে রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। তিনি আরও লেখেন, দেশের হয়ে খেলার অভিজ্ঞতা ছিল অসাধারণ ও আনন্দের। এই যাত্রার জন্য তিনি কৃতজ্ঞ।
View this post on Instagram
তবে, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন লুকাকু। বর্তমানে, তুরস্কের ক্লাব ফেনারবাচে খেলছেন তিনি। গত গ্রীষ্মে নাপোলি থেকে এই ক্লাবে যোগ দিয়েছিলেন এই স্ট্রাইকার। বেলজিয়াম ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও লুকাকুকে সম্মান জানানো হয়েছে। ফেডারেশনের বক্তব্য, তাঁর নেতৃত্ব, পরিশ্রম, ব্যক্তিত্ব ও জাতীয় দলের প্রতি ভালোবাসা তাঁকে বেলজিয়াম ফুটবলের ইতিহাসে বিশেষ জায়গা করে দিয়েছে।
মাত্র ১৬ বছর বয়সে জাতীয় দলে অভিষেক হয়েছিল লুকাকুর। এরপর বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চগুলিতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। তাঁর এই দীর্ঘ যাত্রা আগামী প্রজন্মের তরুণ ফুটবলারদের অনুপ্রেরণা জোগাবে বলেও জানিয়েছে বেলজিয়াম ফুটবল ফেডারেশন। তবে ৯৪টি আন্তর্জাতিক গোল ও ১৩৫টি ম্যাচের অভিজ্ঞতা নিয়ে বেলজিয়ামের জার্সিতে নিজের অধ্যায় শেষ করলেন রোমেলু লুকাকু।
