Scotland Cricket: তালিবানদের মহিলাদের উপর অত্যাচারের জের, রশিদ খানদের উপর কড়া নিষেধাজ্ঞা স্কটল্যান্ড ক্রিকেটের
Afghanistan Cricket: আফগানিস্তানের মহিলা ক্রিকেটারদের জন্য বিকল্প মঞ্চ তৈরির উদ্যোগ নিয়েছে আইসিসি। অস্ট্রেলিয়ায় বসবাসকারী আফগান শরণার্থী মহিলা ক্রিকেটারদের নিয়ে গঠিত দলকে ২০৩০ সালের মধ্যে আইসিসি প্রতিযোগিতায় সুযোগ করে দেওয়ার রূপরেখা তৈরি করছে আইসিসি। তবে তারা এও জানিয়েছে, তালিবানদের সঙ্গে এই নিয়ম প্রতি বছর পর্যালোচনা করা হবে।

কলকাতা: আফগানিস্তানের তালিবান সরকারের বিরুদ্ধে বড় পদক্ষেপ করল ক্রিকেট স্কটল্যান্ড। মহিলাদের উপর তালিবান সরকারের বিধিনিষেধ এবং মানবাধিকার পরিস্থিতির প্রতিবাদে আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ও ত্রিদেশীয় সিরিজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড। শুধু তাই নয়, আইসিসির প্রতিযোগিতার বাইরে আফগানিস্তানের দলকে অনুশীলনের জন্য নিজেদের দেশে সুযোগ দেবে না তারা। কোনও প্রস্তুতি ম্যাচেও অংশ নেবে না তারা।
সোমবার প্রকাশিত এক বিবৃতিতে নিজেদের নতুন অবস্থান স্পষ্ট করেছে স্কটল্যান্ড বোর্ড। তারা জানিয়েছে, আফগানিস্তানে মহিলা ক্রিকেটের পরিস্থিতি ও সামগ্রিক মানবাধিকার ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন না হওয়া পর্যন্ত আফগানিস্তানের পুরুষ দলের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা হবে না। তবে একমাত্র আইসিসি আয়োজিত প্রতিযোগিতায় আফগানিস্তানের সঙ্গে খেলা থাকলে সেখানেই খেলবে স্কটল্যান্ড। এই সিদ্ধান্তের পিছনে রয়েছে আফগানিস্তানের মহিলা ও মেয়েদের উপর বাড়তে থাকা অত্যাচার। এমনকি নিজেদের দেশে কোনও আফগান ক্রিকেটারকে প্র্যাকটিসের সুযোগও দেবে না স্কটল্যান্ড।
তবে শুধু স্কটল্যান্ড নয়, তালিবানদের এই বিধিনিষেধের জন্য আফগানদের প্রত্যাখ্যান করেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডও। তারাও আফগানিস্তানকে নিয়ে আগ্রহী নয়। ২০১৭ সালে প্রথমবার আইসিসির পূর্ণ সদস্যপদ পেয়েছিল আফগানিস্তান। কিন্তু ২০২১ সালে তালিবান ক্ষমতায় আসার পর মহিলাদের শিক্ষা, ক্রীড়া – সব বিভাগে বিধিনিষেধ চালু করা হয়।
যদিও, আফগানিস্তানের মহিলা ক্রিকেটারদের জন্য বিকল্প মঞ্চ তৈরির উদ্যোগ নিয়েছে আইসিসি। অস্ট্রেলিয়ায় বসবাসকারী আফগান শরণার্থী মহিলা ক্রিকেটারদের নিয়ে গঠিত দলকে ২০৩০ সালের মধ্যে আইসিসি প্রতিযোগিতায় সুযোগ করে দেওয়ার রূপরেখা তৈরি করছে আইসিসি। তবে তারা এও জানিয়েছে, তালিবানদের সঙ্গে এই নিয়ম প্রতি বছর পর্যালোচনা করা হবে।
