Lionel Messi incident Kolkata : ‘মাঠ তো আমার… তাই টিকিট চাই’, অরুপের আজব দাবি নিয়ে বিস্ফোরক শতদ্রু দত্ত!
Lionel Messi : ২০১১ সালেও কলকাতায় এসেছিলেন লিও। সেবার কলকাতায় প্রায় এক সপ্তাহ থাকার পাশাপাশি ভেনেজুয়েলার বিরুদ্ধে এই যুবভারতীতে একটি 'ফ্রেন্ডলি' ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা দল। খেলেছিলেন মেসি নিজেও। ম্যাচটি আর্জেন্টিনা ১-০ জিতলেও গোল করেননি মেসি, তবে সেই ম্যাচ নিয়ে আজও কথা হয় কলকাতা ময়দানে নিয়মিত আসা সমর্থকদের মধ্যে।
কলকাতা : ১৩ ডিসেম্বর, ২০২৫ – গোটা কলকাতা শহরের ফুটবলপ্রেমীরা ভিড় জমিয়েছিলেন সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে (Yuvabharati Krirangan)। স্বাভাবিক, কলকাতায় পদার্পন ঘটছে স্বয়ং লিও মেসির (Lionel Messi)। ১৪ বছর পর কলকাতায় পা রেখেছিলেন ফুটবলের সম্রাট ‘লিও’। কিন্তু এরপরের ঘটনা সবার জানা। মাঠে মেসি ঢোকামাত্রই যেভাবে তাঁকে সারাক্ষন বগলদাবা করে রেখে দিয়েছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস (Arup Biswas), তা কারও অজানা নয়। প্রায় এক-দেড়শো মানুষ, ইউটিউবার, সাংবাদিক একপ্রকার ঘিরে রেখেছিলেন বিশ্বজয়ী এই ফুটবলারকে। এর ফলেই একপ্রকার তিতিবিরক্ত হয়ে মাঠ ছাড়েন মেসি। তারপরেই শুরু হয়ে যায় সমর্থকদের তান্ডব। বারপোস্টের জাল ছেঁড়া থেকে মাঠের কার্পেট তুলে বাড়ি নিয়ে চলে যাওয়া – বাদ যায়নি কিছুই। ঘটনার দিনেই দুপুরবেলা কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্তকে (Shatadru Dutta)। কিন্তু কলকাতার অনুষ্ঠান থেকেই শিক্ষা নিয়ে নিজেদের আয়োজন আরও শক্তিশালী করে ফেলেছিলেন দিল্লি, মুম্বই, হায়দ্রাবাদের আয়োজকরা। এবার রাজ্যের পালাবদলের পরেই মুখ খুললেন সদ্য জেল থেকে ছাড়া পাওয়া শতদ্রু।
TV9 বাংলার সামনে এবার বিস্ফোরক অভিযোগ করলেন শতদ্রু। “অরুপ বিশ্বাস আমার থেকে অনেক অনেক টিকিট চাইছিলেন। এই ঘটনা আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ইমেল করে জানিয়েছিলাম। এরপর আমাকে অরুপ বলেছিলেন,’আমায় টিকিট বা অ্যাক্সেস কার্ড দিতেই হবে। এই মাঠ তো আমার। আমি তোর থেকে পারমিশন নেব কেন ?’ অরুপ ঢুকেই মেসির পিঠে, কাঁধে, বুকে হাত দিয়ে ছবি তুলছেন, পরিবারের লোককে ডেকে ছবি তোলাচ্ছেন, যা অশোভনীয়। আমি তো বলির পাঁঠা। কারও ঘাড়ে তো এর দোষ দিতে হবে। আমি প্রভাবশালী নই, তাই আমি দোষী।” এই ঘটনার পরেই আদালতে যাওয়ার কথাও জানিয়েছিলেন শতদ্রু। নিজের ফেসবুক স্টোরিতে শেয়ার করেছিলেন সেই কথা। একই কথা শোনা গেল তাঁর মুখেও। “আমি আদালতে যেতে তৈরী। আমি কেস করব” বললেন শতদ্রু।
আজকেই নয়া ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামানিক জানিয়েছেন, খোলা হবে মেসিকাণ্ডের ফাইল। এই ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। নিশীথের কথায়,“আগের সরকার যা ক্ষতি করে গিয়েছে, তিনবার সরকারে এলেও সেই ক্ষতিপূরণ করা সম্ভব নয়। আমরা এই মেসিকাণ্ডের ফাইল দেখতে চাই। আগামীতে আমরা এমন ব্যবস্থা করব, যার কারণে লোকে মেসিকাণ্ডের দুঃখ ভুলে যাবে।”
২০১১ সালেও কলকাতায় এসেছিলেন লিও। সেবার কলকাতায় প্রায় এক সপ্তাহ থাকার পাশাপাশি ভেনেজুয়েলার বিরুদ্ধে এই যুবভারতীতে একটি ‘ফ্রেন্ডলি’ ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা দল। খেলেছিলেন মেসি নিজেও। ম্যাচটি আর্জেন্টিনা ১-০ জিতলেও গোল করেননি মেসি, তবে সেই ম্যাচ নিয়ে আজও কথা হয় কলকাতা ময়দানে নিয়মিত আসা সমর্থকদের মধ্যে। সেখানে গত ডিসেম্বরের লজ্জা ফুটবল সমর্থকরা যত জলদি ভুলে যাবেন, ততই মঙ্গল তাঁদের জন্য। তবে ফাইল খোলা নিয়ে নিশীথ অভয় দিলেও মেসিকে দেখার জন্য হাজার হাজার টাকা দিয়ে কাটা টিকিটের টাকা কি ফেরত পাবেন দর্শকরা? উত্তর যে তাঁদেরও অজানা।
