T20 World Cup: আগ্রাসী ব্যাটিংয়ে চুরমার প্রতিপক্ষ, বিশ্বকাপে নতুন রূপে ঈশান!
ঈশানের বদলের মূল চাবিকাঠি হল ঘরোয়া ক্রিকেটে ফেরা। ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি ট্রফি খেলে নিজের ব্যাটিংকে উন্নত করেছেন ঈশান। এরপর সৈয়দ মুস্তাক আলি ট্রফি অবিশ্বাস্য ফর্ম, বিজয় হাজারে ট্রফি ধারাবাহিকতা তাঁকে আবার জাতীয় দলের আলোচনায় ফেরায়। শুভমান গিলের টি-টোয়েন্টি টিম থেকে বাদ পড়া, সঞ্জু স্যামসনের ধারাবাহিকতার অভাব আরও এগিয়ে দিয়েছে ঈশানকে। পাকিস্তান ম্য়াচে ৪০ বলে ঝোড়ো ৭৭ রান করেন ঈশান। তাতেই ভারতের উপর থেকে চাপ সরে যায়।

কলকাতা: ভারত-পাকিস্তান ম্যাচের আগে পর্যন্ত আলোচনার ছিলেন অভিষেক শর্মা। খেলতে পারবেন কিনা, ফিট হতে পারবেন কিনা, পারলেও টিমকে টানতে পারবেন কিনা, ঝড় তুলতে পারবেন কিনা— এমন একাধিক প্রশ্ন ছিল। সে সব মিটিয়ে মাঠে ফিরেছিলেন। কিন্তু রান পাননি। যাঁকে নিয়ে কোনও আলোচনা ছিল না, সেই ঈশান কিষান চমকে দিয়েছিলেন পাকিস্তান ম্যাচে। আসল গেমচেঞ্জার হয়ে। দু’বছরের বিরতির পর ফিরেছেন ভারতীয় দলে। প্রচারের আড়ালে থেকে ঈশান নিজেকে নতুন করে গড়ে তুলেছেন। ২০২৩ সালে ভারতীয় দল থেকে বাদ পড়া, বিসিসিআই চুক্তি থেকে ছেঁটা ফেলা— এমন হাজারো বিতর্ক ছিল তাঁকে নিয়েও। সে সব ভুলিয়ে ফিরে এসেছেন ঈশান।
ঈশানের বদলের মূল চাবিকাঠি হল ঘরোয়া ক্রিকেটে ফেরা। ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি ট্রফি খেলে নিজের ব্যাটিংকে উন্নত করেছেন ঈশান। এরপর সৈয়দ মুস্তাক আলি ট্রফি অবিশ্বাস্য ফর্ম, বিজয় হাজারে ট্রফি ধারাবাহিকতা তাঁকে আবার জাতীয় দলের আলোচনায় ফেরায়। শুভমান গিলের টি-টোয়েন্টি টিম থেকে বাদ পড়া, সঞ্জু স্যামসনের ধারাবাহিকতার অভাব আরও এগিয়ে দিয়েছে ঈশানকে। পাকিস্তান ম্য়াচে ৪০ বলে ঝোড়ো ৭৭ রান করেন ঈশান। তাতেই ভারতের উপর থেকে চাপ সরে যায়। পাক বোলাররা ওই সময় দিশা খুঁজে পাচ্ছিলেন না। অধিনায়ক সূর্যকুমার যাদব তাঁর প্রশংসা করে বলেন, চাপের সময় ঈশান দায়িত্ব নিয়ে ব্যাট করেছেন। পাকিস্তানের কিছু কৌশলগত ভুলও ঈশানকে সাহায্য করেছে।
তিলক বর্মার সঙ্গে ব্য়াট হাতে ৪৬ বলে ৮৭ রানের জুটিও ম্য়াচ জয়ের টার্নিং পয়েন্ট ছিল। দু’জনের ভূমিকাই ছিল আলাদা। ঈশান আক্রমণাত্মক। তিলক সংযত। পাকিস্তানের কোচ মাইক হেসন স্বীকার করেন, ঈশান অন-সাইড, অফ-সাইড দু’দিকেই স্কোর করার ক্ষমতা রাখেন। ফলে স্পিনাররা তাঁকে থামাতে গিয়ে সমস্য়ার মুখে পড়েন। সব মিলিয়ে, ঈশান কিষান ২.০ মানে শুধু আগ্রাসী নয়, এখন তিনি অনেক বেশি পরিকল্পিত। গোছানোও বটে।
