T20 WOrld Cup: ফিরে আসার রাতে বিশ্বকাপে বিরাটকেও টপকালেন সঞ্জু!
দীর্ঘদিন ধরেই ভারতীয় ক্রিকেটে ‘পরবর্তী বড় তারকা’ হিসেবে দেখা হয় সঞ্জুকে। কিন্তু ধারাবাহিকতার অভাবে তিনি বারবার সুযোগ হারিয়েছেন। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপেও গ্রুপ পর্বের তিনটি ম্যাচে সুযোগ পাননি তিনি। তবে রবিবারের এই ইনিংস তাঁকে ঘিরে সব প্রশ্নের জবাব দিয়ে দিল। ম্যাচের পর সঞ্জু স্বীকার করেন, মনে বারবার ‘যদি না পারি’ এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল।

কলকাতা: বিশ্বকাপের মঞ্চে নিজেকে প্রমাণ করলেন সঞ্জু স্যামসন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৯৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে অপরাজিত ৯৭ রানের অনবদ্য ইনিংস খেললেন সঞ্জু স্যামসন। তাঁর এই ইনিংস ভারতকে পৌঁছে দিয়েছে সেমিফাইনালে। তিনি ভেঙে দিয়েছেন বিরাট কোহলির বিশ্বকাপে রানের রেকর্ড। এর আগে ভারতের হয়ে সর্বোচ্চ অপরাজিত রান ছিল বিরাট কোহলির। তিনি ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং ২০২২ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৮২ রান করেন। এ বার সেই রেকর্ডকেও ছাপিয়ে গেলেন সঞ্জু। ৫০ বলে ১২টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি। ১৯.২ ওভারে, পাঁচ উইকেট হাতে থাকতেই, সঞ্জু একাই ৯৭ রান করে ভারতের জয় নিশ্চিত করেন।
দীর্ঘদিন ধরেই ভারতীয় ক্রিকেটে ‘পরবর্তী বড় তারকা’ হিসেবে দেখা হয় সঞ্জুকে। কিন্তু ধারাবাহিকতার অভাবে তিনি বারবার সুযোগ হারিয়েছেন। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপেও গ্রুপ পর্বের তিনটি ম্যাচে সুযোগ পাননি তিনি। তবে রবিবারের এই ইনিংস তাঁকে ঘিরে সব প্রশ্নের জবাব দিয়ে দিল। ম্যাচের পর সঞ্জু স্বীকার করেন, মনে বারবার ‘যদি না পারি’ এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল। কিন্তু তিনি নিজেকে সামলে প্রতিটি বলের জবাব দেওয়ার দিকেই মনোযোগ দেন। তাঁর কথায়, “মনে প্রশ্ন আসছিল, যদি না হয়? কিন্তু যখনই সেটা এসেছে, আমি নিজেকে বর্তমানেই রেখেছি, বল দেখেছি এবং নিজের দক্ষতার উপর ভরসা করেছি। সেটাই কাজে দিয়েছে।”
এই সাফল্যের পেছনে তিনি কৃতিত্ব দিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনির মতো তারকাদের কাছ থেকে শেখার অভিজ্ঞতাকে। আইপিএলে ১০-১২ বছর খেলা এবং দীর্ঘদিন জাতীয় দলে থেকেও সবসময় একাদশে সুযোগ না পেলেও, তিনি শিখেছেন কী ভাবে বড় ম্যাচে রান তাড়া করতে হয়। কী ভাবে পরিস্থিতি অনুযায়ী নিজের খেলা বদলানো যায়। সঞ্জুর এই ৯৭ রান এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। শীর্ষে রয়েছেন সুরেশ রায়না। যিনি ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০১ রান করেছিলেন। তাই বলাই বাহুল্য়, এই ইনিংস শুধু একটি জয় নয়, এটি সঞ্জু স্যামসনের ক্যারিয়ারের মোড় ঘোরানো অধ্যায়ও। যা ভারতকে শিরোপা জয়ের পথে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল।
