Rishabh Pant: ঋষভ পন্থের আবেদনে সাড়া দিলেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী, পাল্টা টুইটে কী বললেন পুষ্কর সিং ধামি?
Pant Land Appeal: উত্তরাখণ্ডে জন্মেছেন ঋষভ পন্থ। তবে এবার নিজের ঘরে ফিরতে ইচ্ছুক এই তারকা ক্রিকেটার। সেই মর্মেই জমি/বাড়ি খুঁজতে সাহায্য করার জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে আবেদন করেন ঋষভ। এবার তাঁর আবেদনের পাল্টা উত্তর দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

দেরাদুন: নিজের আদি শিকড়ে ফিরতে চাইছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। গতকালই তিনি জানিয়েছেন দিল্লি ছেড়ে নিজের জন্মভূমি উত্তরাখণ্ডে স্থায়ীভাবে বসবাস করতে ইচ্ছুক তিনি। কিন্তু নিজের বাড়ি বানানোর পক্ষে উপযুক্ত কোনও জমি বা বাড়ি তিনি খুঁজে পাননি। তাই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে জানিয়ে সোশ্যাল মিডিয়া এক্স-এ একটি পোস্ট করেছিলেন ঋষভ। ২৮ বছর বয়সী এই তারকা ক্রিকেটারের পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
এক্স-এ ঋষভ লেখেন, “আমি অনেকদিন ধরেই দিল্লি ছেড়ে নিজের জন্মস্থান উত্তরাখণ্ডে ফিরতে চাইছি। কিন্তু বিগত ৩ বছরে আপ্রাণ চেষ্টা করার পরেও নিজের জন্য কোনও উপযুক্ত বাড়ি বা জমির খোঁজ পাইনি। যদি রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আমাকে এই বিষয়ে সাহায্য করেন, তাহলে খুব ভাল হয়।” নিজের পোস্টে ঋষভ এও বলেছেন, তিনি কোনও উপহার চাননা। তাঁর কথায়,“আমি কোনও উপহার চাইছি না। আমি চাই, যদি সরকার তাদের নির্ধারিত জমি কেনার অনুমতি দেয়, আমি তাহলেও কৃতজ্ঞ থাকব। আমি অন্তত নিজের রাজ্যে আমার প্রথম বাড়িটি তৈরি করতে চাইছি।”
प्रिय ऋषभ, आप उत्तराखण्ड के गौरव हैं। आपने अपने शानदार खेल और उपलब्धियों से देश-दुनिया में देवभूमि का नाम रोशन किया है। अपनी मातृभूमि के प्रति आपका यह प्रेम और यहां वापस आकर योगदान देने की भावना अत्यंत सराहनीय है।
आपके द्वारा उठाए गए विषय के संबंध में संबंधित अधिकारियों को… https://t.co/v3iFQVpxUK
— Pushkar Singh Dhami (@pushkardhami) August 8, 2026
তবে মুখ্যমন্ত্রী আজ এই বিষয়ে ঋষভের আবেদনে সাড়া দিয়েছেন। তিনি পাল্টা টুইট করে জানিয়েছেন, ইতিমধ্যেই এই বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আনা হয়েছে। তিনি লিখেছেন, “ঋষভ, তুমি উত্তরাখণ্ডের গৌরব। তুমি তোমার খেলার মাধ্যমে দেশ-বিদেশে তোমার দেবভূমির নামোজ্জ্বল করেছ। নিজের মাতৃভূমির প্রতি তোমার এই ভালবাসা অত্যন্ত প্রশংসনীয়। সরকারি আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা খুব শীঘ্রই তোমার সঙ্গে যোগাযোগ করবেন ও নিয়ম মেনে সব রকম সহযোগিতা করবেন।”
এই মুহূর্তে ঋষভ রয়েছেন শ্রীলঙ্কায়। আগামী ১৫ তারিখ থেকে শুরু হবে প্রথম টেস্ট। এই টেস্ট ডব্লিউটিসি-র মধ্যে পড়েছে ফলে ভারতকে ২-০ জিততেই হবে। ফল অন্যরকম হলে ডব্লিউটিসি থেকে একপ্রকার ছিটকে যাবে ভারত। তাই এই সিরিজ জিততেই হবে টিম ইন্ডিয়াকে।
