West Indies Cricket: কালো অতীতের পুনরাবৃত্তি, ২০২৭ বিশ্বকাপের আগেই বিপাকে ওয়েস্ট ইন্ডিজ দল!
ICC CWC 2027: ভারতের বিরুদ্ধে ক্যারিবিয়ানরা সিরিজ খেলতে চলেছে। সেপ্টেম্বর-অক্টোবর তিন ম্যাচের সিরিজে মুখোমুখি হবে দুই দল। সিরিজের প্রথম দুই ম্যাচ হবে যথাক্রমে ২৭ ও ৩০ সেপ্টেম্বর । ভারতকে পরপর দুই ম্যাচে হারালেও ওয়েস্ট ইন্ডিজ দল সরাসরি কোয়ালিফাই করতে পারবে না।

কলকাতা : কোনও এক সময় ওয়েস্ট ইন্ডিজ দলের নাম শুনলে থরহরিকম্প পরিস্থিতি হত বিপক্ষ দলের ব্যাটারদের। কিন্তু বিগত দশক থেকেই যেন প্রায় অস্তমিত ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট। গতবারের মতো এবারেও ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। দুইবারের বিশ্বকাপজয়ী দল সরাসরি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হল। আফগানিস্তানের কাছে আয়ারল্যান্ডের হারের পরেই নিশ্চিত হয়ে গেল যে ক্যারিবিয়ান দলকে এবার বিশ্বকাপ খেলতে গেলে কোয়ালিফায়ার খেলতে হবে।
আগামী বছর হবে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে, নামিবিয়ার মোট ১২টি মাঠে অনুষ্ঠিত হবে ২০২৭ বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় সরাসরি কোয়ালিফাই করতে ব্যর্থ হল ক্যারিবিয়ানরা। এই নিয়ে টানা তৃতীয়বার বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ও ২০২৩ সালের বিশ্বকাপে এক ঘটনা ঘটেছিল। ২০১৯ সালে কোয়ালিফায়ার খেললেও ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলতেই পারেনি ক্যারিবিয়ানরা। ২০২৭ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের নিয়ম অনুযায়ী, আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে সরাসরি বিশ্বকাপ খেলবে। বাকি ৭ জায়গা নির্ধারণ করা হবে ICC Ranking এর ভিত্তিতে। এর জন্য ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ক্রমতালিকা দেখা যাবে। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে ১০ নম্বরে। আফগানিস্তান রয়েছে ৮ নম্বরে। বাংলাদেশ ৯ ও জিম্বাবোয়ে ১১। যেহেতু আয়োজক হিসেবে জিম্বাবোয়ে সরাসরি খেলবে, তাই তালিকার প্রথম ৯টি দল সরাসরি সুযোগ পাবে। নির্ধারিত সময়ের মধ্যে ক্যারিবিয়ানদের প্রথম ৯য়ে ওঠার কোনও সুযোগ নেই।
ভারতের বিরুদ্ধে ক্যারিবিয়ানরা সিরিজ খেলতে চলেছে। সেপ্টেম্বর-অক্টোবর তিন ম্যাচের সিরিজে মুখোমুখি হবে দুই দল। সিরিজের প্রথম দুই ম্যাচ হবে যথাক্রমে ২৭ ও ৩০ সেপ্টেম্বর । ভারতকে পরপর দুই ম্যাচে হারালেও ওয়েস্ট ইন্ডিজ দল সরাসরি কোয়ালিফাই করতে পারবে না। আবার আয়ারল্যান্ড দলের আশাও একপ্রকার শেষ। সরাসরি যোগ্যতা অর্জন করার দৌড়ে টিকে থাকতে গেলে আয়ারল্যান্ডকে পাঁচ ম্যাচের সিরিজ ৫-০ ব্যবধানে জিততে হত। কিন্তু সিরিজের প্রথম ম্যাচই বৃষ্টিতে ভেস্তে যাওয়ার ফলে তাদের সেই আশা ধাক্কা খেয়েছে। এরপর ২য় ম্যাচে আফগানরা জিতে যাওয়ার ফলে আয়ারল্যান্ডকেও কোয়ালিফায়ার খেলতে হবে। কিন্তু বারবার বিশ্বকাপের মূলপর্বে যেতে না পারা আসলে ক্যারিবিয়ান ক্রিকেটের ব্যর্থতাকে প্রকট করে দিচ্ছে।
