Asian Games 2026: এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও নকভি বিতর্ক? পদক বিতরণ নিয়ে তুঙ্গে তরজা!
Mohsin Naqvi: OCA-র সংবিধান ও নিয়মের Article 66, অর্থাৎ, Victory & Medals Ceremony অনুযায়ী, এশিয়ান গেমসে পদক বিতরণের দায়িত্ব সাধারণত থাকে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার প্রেসিডেন্টের। তবে প্রেসিডেন্ট এই দায়িত্ব কাউন্সিলের অন্য কোনও সদস্যকেও দিতে পারেন।

কলকাতা : এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলের পদক বিতরণ অনুষ্ঠানে নতুন করে জটিলতার আশঙ্কা তৈরি হয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভিকে যদি পদক বিতরণের দায়িত্ব দেওয়া হয়, তাঁকে সেই দায়িত্ব থেকে সরানোর জন্য অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার কাছে ভারত আগাম কোনও অনুরোধ করতে পারবে না বলেই জানিয়েছে আইওএ।
মহসিন নকভি বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান। তবে এশিয়ান গেমসে তিনি ভারতীয় ক্রিকেটারদের পদক তুলে দেবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। অন্যদের মধ্যে আইসিসি চেয়ারম্যান জয় শাহের নামও সম্ভাব্য বিকল্প হিসেবে আলোচনা করা হচ্ছে। এই পরিস্থিতির সূত্রপাত গত বছর এশিয়া কাপ থেকে। তারপর থেকে বেশ কয়েক বার ভারতের ছেলে ও মেয়েদের দল নকভির হাত থেকে পুরস্কার নিতে অস্বীকার করে। ফলে এশিয়ান গেমসের ক্রিকেটে ভারতীয় দল সোনা জিতলে এবং নকভিকে পদক দেওয়ার দায়িত্ব দেওয়া হলে একই ধরণের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে বলে বলা হচ্ছে। আইওএ-র এক সূত্রের বক্তব্য অনুযায়ী, এশিয়ান গেমস কোনও দ্বিপাক্ষিক সিরিজ বা আইসিসি/এসিসির টুর্নামেন্ট নয়। ফলে ওসিএ-কে বিসিসিআই অনুরোধ করতে পারবে না যে কোনও ব্যক্তিকে পদক বিতরণের দায়িত্ব থেকে সিরে দিতে। কে পদক তুলে দেবেন, সেই সিদ্ধান্ত নেবে ওসিএ।
ওসিএ-র নিয়ম কী বলছে?
OCA-র সংবিধান ও নিয়মের Article 66, অর্থাৎ, Victory & Medals Ceremony অনুযায়ী, এশিয়ান গেমসে পদক বিতরণের দায়িত্ব সাধারণত থাকে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার প্রেসিডেন্টের। তবে প্রেসিডেন্ট এই দায়িত্ব কাউন্সিলের অন্য কোনও সদস্যকেও দিতে পারেন। সংশ্লিষ্ট বা এশীয় ফেডারেশনের প্রেসিডেন্ট বা তাঁর ডেপুটিও সম্ভব হলে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। যদি কোনও দল পদক নিতে অস্বীকার করে, তাহলে নিয়ম অনুযায়ী বড় শাস্তি পাবে ভারত। যদিও এখনও বিসিসিআই-এর পক্ষ থেকে এখনই কোনও অবস্থান জানানো হয়নি। বিসিসিআই প্রথমে ম্যাচের দিকে মন দিয়েছে ও পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
