Bankura Deadbody Recover: ‘তরুণ অনেক দূর চলে গেছে’, ছেলের ফোনে অপরিচিত কণ্ঠের ইঙ্গিত হাড়ে-হাড়ে টের পেল পরিবার
Bankura Deadbody Recover: এরপর তাঁর ফোনে একের পর এক ফোন করা শুরু করেন তাঁর পরিবারের লোকজন। একজন অপরিচিত ব্যক্তি জানান, তরুণ অনেক দূর চলে গেছে । এতেই সন্দেহ তীব্র হয় পরিবারের । এরপর স্থানীয় এলাকায় খোঁজ চালাতে গিয়ে সানা পুকুরের পাড়ে রক্ত দেখতে পান এলাকতাবাসী।

বাঁকুড়া: মেলা দেখতে বেরিয়েছিলেন বাড়ি থেকে। তারপর আর ফেরেননি। তখনই সন্দেহ হয়েছিল পরিবারের লোকজনের। এরপরই বাড়ি সামনের পুকুর থেকে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম তরুণ মিশ্র। স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়ার ওন্দা থানার মিশ্রপাড়া এলাকার বাসিন্দা তরুণ। তিনি পেশায় একটি গোলদারি দোকানের কর্মচারি। সোমবার সকালে মকর সংক্রান্তি উপলক্ষে বিষ্ণুপুরের ষাড়েশ্বরে মেলা দেখতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন। সন্ধ্যেতেও বাড়িতে না ফেরায় সন্দেহ হয় পরিবারের।
এরপর তাঁর ফোনে একের পর এক ফোন করা শুরু করেন তাঁর পরিবারের লোকজন। একজন অপরিচিত ব্যক্তি জানান, তরুণ অনেক দূর চলে গেছে । এতেই সন্দেহ তীব্র হয় পরিবারের । এরপর স্থানীয় এলাকায় খোঁজ চালাতে গিয়ে সানা পুকুরের পাড়ে রক্ত দেখতে পান এলাকতাবাসী। তারপর পুকুরের জলে যুবকের মৃতদেহ ভাসতে দেখে ওন্দা থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা।
পরে পুলিশ সানা পুকুরের জল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়। মৃতের ঘাড়ে ও কোমরে ধারাল অস্ত্রের কোপ দেখে খুন বলে দাবি করতে থাকেন এলাকাবাসী। রাতেই মৃতের পরিবারের তরফে ওন্দা থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়। মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি এর আগে ওন্দা এলাকায় এমন ঘটনা ঘটেনি। দ্রুত এই ঘটনার তদন্ত করে দোষীদের খুঁজে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। মৃতের দাদা দুলাল মিশ্র বলেন, “ও মেলা দেখতে যাবে বলে ঘর থেকে বেরিয়েছিল। তারপর আর ফেরেনি। পরে শুনি ওন্দা এলাকায় একটা পুকুরে মৃতদেহ ভাসছে। খোঁজ খবর নিয়ে জানতে পারলাম ওটা আমার ভাই।”
