Bankura: ‘পাঁচ বছরে কোনও কাজই হয়নি’, BJP প্রার্থীর নাম ঘোষণা হতেই বিক্ষোভ কর্মীদের
Bankura Bengal BJP: ছাতনার শুশুনিয়ায় শুক্রবার বিক্ষোভে সামিল হলেন বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। উল্লেখ্য, কয়েকদিন আগেই বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়কে ঘিরে বিধানসভার একাধিক এলাকায় পোস্টার পড়েছিল। এরপর তাঁর প্রার্থী পদ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কর্মসূচিও নেয় দলের একাংশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শুশুনিয়ায় রাস্তায় নামলেন বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা।

বাঁকুড়া: বাঁকুড়ার ছাতনা বিধানসভায় বিজেপির অভ্যন্তরীণ কোন্দল আবারও প্রকাশ্যে। “সত্যনারায়ণ দূর হাটো, বিধানসভায় ভূমিপুত্র চাই”— এই দাবিকে সামনে রেখে ছাতনার শুশুনিয়ায় শুক্রবার বিক্ষোভে সামিল হলেন বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। উল্লেখ্য, কয়েকদিন আগেই বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়কে ঘিরে বিধানসভার একাধিক এলাকায় পোস্টার পড়েছিল। এরপর তাঁর প্রার্থী পদ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কর্মসূচিও নেয় দলের একাংশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শুশুনিয়ায় রাস্তায় নামলেন বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা।
বারবার এই গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসায় অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব। রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই ধরনের অভ্যন্তরীণ বিরোধ দলের সংগঠনে প্রভাব ফেলতে পারে। বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
বিক্ষুব্ধ বিজেপি কর্মী রাম মালাকার বলেন, “পাঁচ বছর ধরে দেখলাম না কোনও উন্নয়নের কাজ করেছেন। কারোর বিপদে এসে পাশে দাঁড়িয়েছেন। ছাতনা বিধানসভায় আমরা আমাদের ভূমিপুত্রকেই চাই। যদি ভূমিপুত্র দাঁড়ান, তাহলে আমরা ১০০ শতাংশ জিতব। আমরা চাই না, আমাদের কর্মীরা বসে যাক।”
বিজেপি নেতা জীবন চক্রবর্তী বলেন, “আগে যে পোস্টার পড়েছিল, তখন কিন্তু আমাদের প্রার্থীই ঘোষণা হয়নি। কেন্দ্রীয় নেতৃত্বে প্রার্থী নির্ধারণ করেছেন। রঘুনাথপুর বাদ দিয়ে ৬ জন নির্বাচিত প্রতিনিধিকেই এখানে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। জনগণের কাছে মানুষের গ্রহণযোগ্যতা নিয়েই পরীক্ষা। আর সেই কারণেই দ্বিতীয়বার টিকিট দেওয়া হচ্ছে।”
তৃণমূল পরিচালিত ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র বলেন, “সত্য নারায়ণকে মানুষের ক্ষোভ থাকতেই পারে। কারণ তিনি পাঁচ বছরে কোনও কাজ করেননি। কর্মীদের নিয়ে বৈঠকে বসেননি। কিন্তু এখন তো ভোটের খেলা শুরু হয়ে গিয়েছে। বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার। ছাতনা ব্লকে বিজেপির অনেকগুলো গোষ্ঠী। “
