AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chandannagar Jagadhatri Puja: চন্দননগরে এই রূপ আগে কখনও দেখা যায়নি! জগদ্ধাত্রী পুজোয় থাকছে বিরাট চমক…

Jagadhatri Puja 2026: চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ বলেন, "যারা সমালোচনা করে লিখছে, তাদের পরিবারের সঙ্গে আমি কথা বলেছি। তারা সবাই বলেছে যারা লিখেছে, তারা ভুল করছে। প্রথমবার চন্দননগর স্ট্র্যান্ডকে এভাবে সাজিয়ে তোলা হয়েছে। এত বড় একটা প্রচেষ্টা হয়েছে, সেই প্রচেষ্টাকে যারা কালিমালিপ্ত করতে চাইছে।"

Chandannagar Jagadhatri Puja: চন্দননগরে এই রূপ আগে কখনও দেখা যায়নি! জগদ্ধাত্রী পুজোয় থাকছে বিরাট চমক...
সেজে উঠছে চন্দননগরের স্ট্রান্ড রোড।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Nov 12, 2026 | 5:29 PM
Share

চন্দননগর: দুর্গাপুজোর পর এবার জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja)। দুর্গাপুজোয় কলকাতার রেড রোড যেভাবে সাজানো হয়েছিল, জগদ্ধাত্রী পুজোয় চন্দননগর স্ট্র্যান্ড রোড (Chandannagar Strand Road) সেভাবেই সাজানো হল। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে রাজ্য উৎসব ঘোষণা করেছে রাজ্য সরকার। পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছে সরকারের তরফে।

আলোর শহর চন্দননগরকে আরও আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে রাজ্য সরকারের তরফে। চন্দননগর, মানকুন্ডু, ভদ্রেশ্বর স্টেশন রোড, চুঁচুড়ার খাদিনা মোড় থেকে তালডাঙ্গা চন্দননগর রেলওভার ব্রিজ আলো দিয়ে সাজানো হয়েছে। চন্দননগর স্ট্র্যান্ডে বিশাল আলপনাও দেওয়া হয়েছে।কানাইলাল দত্ত, অরবিন্দ ঘোষ, রাসবিহারী বসু, মতিলাল রায়দের মতো স্বাধীনতা সংগ্রামী, যাদের সঙ্গে চন্দননগরের যোগ রয়েছে, তাঁদের ছবি এবং সংক্ষিপ্ত কর্মকাণ্ডও হোডিংয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

এদিকে, চন্দননগর স্ট্র্যান্ড, রানিঘাট সাজিয়ে তুলতে গিয়ে চন্দননগরের গর্বের জায়গা ‘জ্যাবরা’ হয়েছে বলে সমালোচনাও শুরু হয়েছে সমাজ মাধ্যমে। তাদের বক্তব্য, বিপ্লবীদের স্ট্যান্ডিতে তিরঙ্গা দেওয়া হয়। তার ওপরে সবুজ রঙ নীচে গেরুয়া থাকায় চর্চা শুরু হয়। এরপরই বদলে ফেলা হয় রঙ। উপরে গেরুয়া, মাঝে সাদা এবং নীচে সবুজ রঙ করে দেওয়া হয়।

চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ বলেন, “যারা সমালোচনা করে লিখছে, তাদের পরিবারের সঙ্গে আমি কথা বলেছি। তারা সবাই বলেছে যারা লিখেছে, তারা ভুল করছে। প্রথমবার চন্দননগর স্ট্র্যান্ডকে এভাবে সাজিয়ে তোলা হয়েছে। এত বড় একটা প্রচেষ্টা হয়েছে, সেই প্রচেষ্টাকে যারা কালিমালিপ্ত করতে চাইছে। চন্দননগরের আবেগকে নিয়ে খেলছে। চন্দননগরের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করছেন। এটা হবারই ছিল। তারা যে আদর্শে বিশ্বাস করে, সেটা এদেশের নয়। সেই কারণেই তারা একটা সময় স্লোগান দিত-ভুলতে পারি বাপের নাম…। এই স্লোগান যারা দিত একটা সময় তারা এই ধরনের কথাবার্তা বলবে এটাই স্বাভাবিক।”

তিনি আরও বলেন, “যারা এসব লিখছে, বলছে, তাদেরকে আমি রাজবিহারী বসু সম্পর্কে দুটো লাইন বলতে বলেছিলাম। তাঁরা বলতে পারেনি। এটা রাজনীতি করার চেষ্টা করা হয়েছে। আমি আমার দলের সবাইকে বলেছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে চন্দননগর জগদ্ধাত্রী পুজোকে আমরা রাজনীতি মুক্ত রাখবো। সেই কারণে এই সময় আমরা কোন রকম রাজনীতি করতে চাই না। যদি কেউ করতে চায়, সেটা তার মানসিকতা। আমরা ভারতীয় জনতা পার্টি চন্দননগরের আবেগ নিয়ে কাউকে রাজনীতি করতে দেব না, আমরাও করব না।”

বিধায়ক জানান যে এই উদ্যোগ প্রথমবার হয়েছে, তাই বিধায়ক তাঁর নিজের কোনও ছবি লাগাননি। এতদিন যেভাবে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো হয়েছে, যা যা হয়েছে, সব সেরকমই হবে। আগামিকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসছেন চন্দননগরে, তাঁর নিরাপত্তার জন্য যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে, সিপিআইএম হুগলি জেলা কমিটির সদস্য ঐক্যতান দাশগুপ্ত ক্যামেরার সামনে কিছু না বলতে চাইলেও, তিনি বলেন, “চন্দননগরের জগদ্ধাত্রী, চন্দননগরের স্ট্র্যান্ড এবং কানাইলাল আমাদের চন্দননগরবাসীর কাছে আবেগ। চন্দননগরে যা কিছু ভালো, তার সঙ্গে আমরা আছি। আমরাও এসব নিয়ে রাজনীতি চাই না।”

চন্দননগরের বাসিন্দা প্রসূন পান বলেন, “এতদিন চন্দননগরে আছি জগদ্ধাত্রী পুজোয় এ ধরনের জিনিস দেখিনি। স্ট্র্যান্ডকে আলো দিয়ে সাজানো, মনীষীদের ছবি দেওয়া এবং একটা আধ্যাত্মিকতার ছোঁয়া নিয়ে আসা হয়েছে।” আরেক বাসিন্দা অনিকেত উপাধ্যায় বলেন, “জগদ্ধাত্রী পূজায় স্ট্র্যান্ড রোড অন্ধকার থাকত। অসামাজিক কাজও হত। এবারে পুরো আলো দিয়ে সাজানো হয়েছে।”

Follow Us