SIR : অফলাইনে চূড়ান্ত তালিকা প্রকাশ, BLO-দের হাতে পৌঁছে গেল ফাইনাল লিস্ট
SIR : জেলায় জেলায় পৌঁছে গিয়েছে ভোটার তালিকা। আর কিছুক্ষণের মধ্যেই বুথগুলিতে তালিকা ঝুলিয়ে দেওয়া হবে। তারপরই আপনারা বুথে গিয়ে দেখতে পাবেন তালিকায় নাম আছে কি না। তবে, কোথাও দাবি, নাম বাদ যায়নি। আবার কোনও বিএলও অভিযোগ করছেন, তাঁর নিজের নামই বাদ গিয়েছে।

কলকাতা : এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ। অফলাইনে প্রকাশিত হয়েছে তালিকা। ডিএম, বিডিও অফিসে চূড়ান্ত তালিকার হার্ড কপি পৌঁছে গিয়েছে। ব্লকে ব্লকে বিএলও-দের হাতে তুলে দেওয়া হচ্ছে চূড়ান্ত তালিকা। সেই তালিকা সংগ্রহ করে বুথের উদ্দেশে রওনা দিচ্ছেন বিএলওরা। আর কিছুক্ষণের মধ্যে তালিকা দেখতে পাবেন রাজ্যবাসী। অনলাইন-অফলাইন দুই পদ্ধতিতেই তালিকা দেখা যাবে। আপাতত অফলাইনে তালিকা প্রকাশিত হয়েছে। জেলায় জেলায় পৌঁছে গিয়েছে ভোটার তালিকা। নন্দীগ্রাম থেকে ঠাকুরনগর… সর্বত্র একই ছবি। বুথগুলিতে লিস্ট ঝুলিয়ে দেওয়া হচ্ছে। তারপরই আপনারা বুথে গিয়ে দেখতে পাবেন তালিকায় নাম আছে কি না। অফলাইনে তালিকা প্রকাশ্যে আসতেই কোথায়, কত নাম বাদ গেল, সেই নিয়ে উদ্বেগ বেড়েছে রাজ্যবাসীর মনে। কোনও বুথের বিএলও বলছেন নাম বাদ যায়নি, কোথাও আবার বিএলও-র অভিযোগ, তাঁর নিজের নামই বাদ গিয়েছে।
জেলায় জেলায় বুথগুলিতে কী পরিস্থিতি দেখে নেওয়া যাক
নন্দীগ্রাম
চড়কেন্দ্রমারির বুথের বিএলও জানিয়েছেন, তিনি যে তালিকা হাতে পেয়েছেন, তাতে ভয়ের কোনও কারণ নেই। তাঁর বুথে ৯৫৩ জন ভোটার রয়েছে। খসড়া তালিকা যেভাবে এসেছিল, সেভাবেই চূড়ান্ত তালিকা হাতে পেয়েছেন তিনি। তাই আশঙ্কার কোনও কারণ নেই। আবার ২১৯ নং বুথের বিএলও বলছেন, কিছু নাম বাদ গিয়েছে। বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সবার নামই রয়েছে চূড়ান্ত তালিকায়। অন্যদিকে, নন্দীগ্রামের এক ব্লকের বিএলও-র অভিযোগ, তাঁর নিজের নামই বাদ গিয়েছে। অর্থাৎ মীমাংসিতের তালিকায় নেই তাঁর নাম। অমীমাংসিতের তালিকায় নাম রয়েছে। বিচারাধীন রয়েছে তাঁর নাম। তাঁর অভিযোগ, ২৭ বছর ধরে চাকরি করছেন। সব নথিও রয়েছে। বানানেও কোনও ভুল নেই। পাসপোর্টও আছে। কিন্তু, কেন নাম বিচারাধীন হল, সেটাই বুঝতে পারছেন না তিনি।
বাঁকুড়া
বাঁকুড়াতেও বুথে বুথে ঝুলিয়ে দেওয়া হয়েছে চূড়ান্ত তালিকা। জেলা প্রশাসন সূত্রে খবর, চূড়ান্ত তালিকায় বাঁকুড়া জেলায় আপাতত বাদ পড়েছে ৩৩০০ জনের নাম। তার মধ্যে ৭০ নং বুথেই বাদ গিয়েছে ৩ জনের নাম। আর অমীমাংসিতের তালিকায় হয়েছে ৩৯ হাজারের নাম।
ঠাকুরনগর
সবথেকে বেশি নাম আনম্যাপড হয়েছিল ঠাকুরনগরে। জেলা প্রশাসন সূত্রে খবর, প্রায় ৩০ হাজারের মতো নাম বাদ গিয়েছে। আতঙ্কে রয়েছেন ঠাকুরনগরের বাসিন্দারা।
উত্তর কলকাতা
কমিশন সূত্রে খবর, উত্তর কলকাতায় এখনও পর্যন্ত ১৭ হাজার নাম বাদ গিয়েছে বলে খবর।
অন্যদিকে, এখনও পর্যন্ত অনলাইনে এখনও পর্যন্ত তালিকা প্রকাশিত হয়নি। অনলাইনে তালিকা প্রকাশিত হলে, দু’টি ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাবেন রাজ্যবাসী। জানা গিয়েছে, অনলাইনে তালিকা প্রকাশিত হতে দুপুর গড়িয়ে যেতে পারে বলে খবর।
