Menaka Guruswamy: বাবা RSS প্রচারক, ছিলেন BJP-র স্ট্র্যাটেজিস্টও, মেয়ে মেনকা এখন তৃণমূলের রাজ্যসভার প্রার্থী!
TMC Rajya Sabha Candidate: মেনকা গুরুস্বামী তৃণমূল কংগ্রেসের হয়ে আইপ্যাক মামলা লড়েছেন। অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু মমতা বলে সম্বোধন করায় তাঁকে ধমক লাগিয়ে আদালতের ডেকোরাম অনুসরণ করতেও বলেছিলেন।

কলকাতা: বিধানসভা নির্বাচনের আগেই রয়েছে আরও এক নির্বাচন। রাজ্যসভার নির্বাচন। এবার তৃণমূল কংগ্রেসের পাঁচজন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে এপ্রিল মাসে। সেই শূন্যপদ পূরণ করতেই নির্বাচন। গতকাল, ২৭ ফেব্রুয়ারি তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সেই প্রার্থী তালিকা জুড়ে শুধুই চমক। রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন রাজ্যের ডিজিপি রাজীব কুমার। প্রার্থী হচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক ও গায়ক বাবুল সুপ্রিয়। এদের মাঝে আরেক প্রার্থীও নজর কেড়েছেন। তিনি হলেন মেনকা গুরুস্বামী। ইতিমধ্যেই মেনকার কেরিয়ার নিয়ে চর্চা শুরু হয়েছে। তিনি সম্প্রতিই তৃণমূল কংগ্রেসের হয়ে আইপ্য়াক মামলা লড়েছিলেন। তবে তাঁর ব্যক্তিগত জীবনেও কিন্তু অনেক চমক আছে মেনকার।
মেনকা গুরুস্বামী তৃণমূল কংগ্রেসের হয়ে আইপ্যাক মামলা লড়েছেন। অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু মমতা বলে সম্বোধন করায় তাঁকে ধমক লাগিয়ে আদালতের ডেকোরাম অনুসরণ করতেও বলেছিলেন। তবে মেনকার পরিবার কিন্তু গেরুয়া শিবির ঘেঁষা। তাঁর বাবা মোহন গুরুস্বামী আরএসএসের প্রচারক ছিলেন। বাজপেয়ী সরকারের আমলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহার বিশেষ উপদেষ্টা হিসাবে কাজ করেছেন। এমনকী, একসময়ে বিজেপির স্ট্র্যাটেজিস্টও ছিলেন। তবে বাবার রাজনৈতিক বা কর্মক্ষেত্রের প্রভাব নিজের মতাদর্শে কখনও পড়তে দেননি মেনকা।
প্রসঙ্গত, মেনকার ব্যক্তিগত জীবনও বেশ চর্চিত। তিনি নিজে সমকামী। যদি রাজ্যসভায় নির্বাচিত হন, তাহলে তিনিই প্রথম সমকামী সাংসদ হবেন দেশের। এলজিবিটিকিউ প্লাস অধিকারের জন্য দীর্ঘদিন লড়াই করেছেন। ২০১৮ সালে সুপ্রিম কোর্টে ৩৭৭ ধারা বাতিলের মামলাতেও তিনি লড়াই করে জয়ী হয়েছিলেন। তাঁর সঙ্গে লড়েছিলেন আরেক বিশিষ্ট আইনজীবী অরুন্ধতী কাটজু। তিনি মেনকার পার্টনার।
