Annapurna Yojana: ‘সবাই অন্নপূর্ণার টাকা পাবেন, না পেলে আমাকে জানান, ব্যবস্থা করব’, আশ্বাস রচনার
Rachana Banerjee on Annapurna Yojana: রচনা জানান, সদ্য টাকা দেওয়া শুরু হয়েছে। একটু সময় তো লাগবে। প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। সাংসদ বলেন, "যাঁদের পেপার এসে গিয়েছে, যাঁরা এনলিস্টেড, তাঁরা যদি টাকা না পেয়ে থাকেন, তাহলে অপেক্ষা করুন। টাকা অবশ্যই পাবেন। কারণ টাকা দেওয়া শুরু হয়েছে।"

হুগলি: অগস্ট মাসে ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা। তবে, অনেকেই টাকা পাচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যোগ্য মহিলারা প্রত্যেকে অন্নপূর্ণার টাকা পাবেন। এবার অন্নপূর্ণা নিয়ে আশ্বাস দিলেন তৃণমূল ত্যাগী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee on Annapurna Yojana) । তাঁর কথায়, যাঁদের আবেদন অ্যাপ্রুভড হয়েছে, তাঁরা প্রত্যেকে টাকা পাবেন। কেউ বঞ্চিত হবে না। প্রয়োজনে তিনি ব্যবস্থা করে দেবেন বলে জানিয়েছেন।
কী বলেছেন সাংসদ রচনা?
রচনা জানান, সদ্য টাকা দেওয়া শুরু হয়েছে। একটু সময় তো লাগবে। প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। সাংসদ বলেন, “যাঁদের পেপার এসে গিয়েছে, যাঁরা এনলিস্টেড, তাঁরা যদি টাকা না পেয়ে থাকেন, তাহলে অপেক্ষা করুন। টাকা অবশ্যই পাবেন। কারণ টাকা দেওয়া শুরু হয়েছে। তারপরেও যদি মনে হয় পাচ্ছেন না, তাঁদের নাম, ঠিকানা আমার এমপি অফিসে পাঠান। আপনারা যাতে পেয়ে যান, তার ব্যবস্থা আমি করব।”
মোদীর প্রশংসায় পঞ্চমুখ রচনা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ তৃণমূলত্যাগী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, মোদী ছাড়া কোনও গতি নেই। রচনা বলেন, “মোদীজি যেভাবে কাজ করছেন, দেশের অগ্রগতির জন্য, দেশের জন্য তিনি যে চিন্তাধারা রেখেছেন, তা দেখে সত্যিই শেখার রয়েছে। তাঁর থেকে সত্যিই অনেক কিছু শেখার রয়েছে। মানুষ এখন বুঝতে পারছেন যে মোদী ছাড়া গতি নেই।”
উল্লেখ্য, শুক্রবারই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “১ কোটি ৪৫ লক্ষ মহিলা অগস্টে টাকা পেয়েছেন। জুনে ২৮ লক্ষ পেয়েছিলেন। কথা দিয়ে গেলাম যাঁরা সামান্য ভাতার উপর নির্ভর করেন, বা প্রকৃতি পাওয়ার হকদার, আরও ২০-৩০ লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব।” অর্থাৎ প্রয়োজনে আরও ২০ থেকে ৩০ লক্ষ মহিলাকে অন্নপূর্ণার টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন। এরপর মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, “কিন্তু ধমক চমক দিয়ে রিলস বানিয়ে আর মিডিয়া ট্রায়াল করে আর ২০ জন লোককে রাস্তায় নামিয়ে, হেরে যাওয়া তৃণমূলের বুদ্ধি চলবে না।”
