Hooghly TMC Leaders Arrested: ভোট পরবর্তী হিংসার অভিযোগ, গুড়াপ থেকে গ্রেফতার ৩ তৃণমূল নেতা
Gurap Violence Case: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর গুরাপের নেদামপুর এলাকায় বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর, মারধর, লুটপাট এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে এই তিন তৃণমূল নেতার বিরুদ্ধে।

হুগলি: ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা, ব্যাপক সন্ত্রাস ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগে হুগলির গুড়াপ থেকে তিন স্থানীয় তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। গতকাল রাতে হুগলি গ্রামীণ পুলিশের গুড়াপ থানার একটি দল অভিযান চালিয়ে নেদামপুর গ্রাম থেকে সম্রাট মালিক, রাজু ধারা এবং রবিন বাগ নামে ওই তিন অভিযুক্তকে গ্রেফতার করে। বুধবার তাদের পুলিশি হেফাজতে চেয়ে চুঁচুড়া আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর গুরাপের নেদামপুর এলাকায় বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর, মারধর, লুটপাট এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে এই তিন তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনার পর তৎকালীন আতঙ্কের পরিবেশে আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকেরা স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি।
পরবর্তীকালে, বাংলায় ভোট পরবর্তী হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশনের (NHRC) একটি দল এলাকা পরিদর্শন করে রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই তদন্তে নামে পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে আক্রান্ত পরিবারগুলির সঙ্গে যোগাযোগ করা হয়। অবশেষে গতকাল রাতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি নতুন করে লিখিত অভিযোগ দায়ের করার পরেই পুলিশ এই তিন তৃণমূল নেতাকে গ্রেফতার করে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোড়ন সৃষ্টি হয়েছে গুড়াপ এলাকায়।
