Jhargram: শুভেন্দুর সভাস্থলের ২ কিমি দূরেই ভয়ঙ্কর ঘটনা, হাতির পায়ে পিষে মৃত্যু লোধা বৃদ্ধের
Elephant Attack in Jhargram: এদিন সকালে এলাকায় দুটি দলছুট বুনো হাতি ঢুকে পড়ে। সেই সময় হাতির মুখোমুখি পড়ে যান শ্যামাপদ। কিছু বুঝে ওঠার আগেই হাতি দুটি তাঁকে আক্রমণ করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ ও বনকর্মীরা। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

ঝাড়গ্রাম: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জঙ্গলমহল সফরের দিনই সকালে দলছুট বুনো হাতির হানায় প্রাণ হারালেন এক লোধা বৃদ্ধ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের ধাদকীডাঙ্গা গ্রামে। মৃত ব্যক্তির নাম শ্যামাপদ নায়েক (৬০)। মুখ্যমন্ত্রীর সভাস্থল কালাঝরিয়া শবর পাড়া থেকে মাত্র দুই কিলোমিটার দূরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটায় এলাকায় তীব্র শোক ও চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় ও বন দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে এলাকায় দুটি দলছুট বুনো হাতি ঢুকে পড়ে। সেই সময় হাতির মুখোমুখি পড়ে যান শ্যামাপদ। কিছু বুঝে ওঠার আগেই হাতি দুটি তাঁকে আক্রমণ করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ ও বনকর্মীরা। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
আজই কালাঝরিয়ায় লোধা-শবর জনজাতি গোষ্ঠীর মানুষের সার্বিক কল্যাণে ‘বিশেষ পুষ্টি বাস্কেট’ ও বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেওয়ার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। যার জন্য প্রশাসনিক তৎপরতা ছিল তুঙ্গে। কিন্তু সেই সভাস্থলের ঢিল ছোঁড়া দূরত্বেই হাতির হানায় এক লোধা ব্যক্তির এমন আকস্মিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে।
