Humayun Kabir: এসপি মুর্শিদাবাদ ও ওসি লালগোলার হাত মুচড়ে দেব: হুমায়ুন
Murshidabad: ২০২৫ সালের মার্চ মাসের একটি মাদক মামলায় অভিযোগ ওঠে হুমায়ুন কবীরের মেয়ের শ্বশুর ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। মাদক মামলায় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ পেয়েই সক্রিয় হয় পুলিশ। গত সোমবার ওই বাড়ির সামনে দেখা যায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বহরমপুর: নতুন দল ঘোষণার আর পুরনো দল তৃণমূল থেকে বেরিয়ে যাওয়ার পর চর্চার কেন্দ্রে ছিলেন হুমায়ুন কবীর। আর এবার পুলিশের হাত মুচড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সম্প্রতি, মুর্শিদাবাদে তাঁর মেয়ের শ্বশুরবাড়ির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ১০ কোটি ৭৩ লক্ষ ৭৫ হাজারের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। একাধিক মাদক মামলা রয়েছে ওই পরিবারের বিরুদ্ধে। তবে হুমায়ুনের দাবি, মেয়ে ও তাঁর শ্বশুরবাড়ির লোকজনকে ফাঁসাচ্ছে পুলিশ। বিধায়কের সোজাসাপ্টা হুঁশিয়ারি, “এসপি মুর্শিদাবাদ ও ওসি লালগোলার হাত মুচড়ে দেব…।”
হুমায়ুন বলেন, “বহরমপুরে ১৪ তারিখ বেলা এগারোটা থেকে ১টা পর্যন্ত এসপিকে রাস্তায় ঘিরে রাখব। দিল্লি আর কলকাতায় মুভ করব। এরা যোগসাজশ করেছে সেটা প্রমাণ। আমার বেয়ান, জামাই, মেয়েকে ফাঁসিয়েছে। লালগোলার ওসি অতনু দাস, এসডিপিও, হেনস্থা করেছে। এসপি মুর্শিদাবাদ ও ওসি লালগোলার হাত মুচড়ে দেব…। ১৪ তারিখ ওর বাবার ক্ষমতা থাকলে আমার মোকাবিলা করুক।”
২০২৫ সালের মার্চ মাসের একটি মাদক মামলায় অভিযোগ ওঠে হুমায়ুন কবীরের মেয়ের শ্বশুর ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। মাদক মামলায় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ পেয়েই সক্রিয় হয় পুলিশ। গত সোমবার ওই বাড়ির সামনে দেখা যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় জেলা পুলিশ সুপার জানিয়েছিলেন, যাঁরা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ও মাদক ব্যবসার টাকা অন্যত্র জমা রেখেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুলিশ। এবার সেই পুলিশ সুপারকেই হুঁশিয়ারি হুমায়ুনের।
