Love Cheating Case: প্রেমিকের খোঁজে হায়দরাবাদ থেকে সোজা মুর্শিদাবাদ! প্রেমিকার অভিযোগে বাবার সঙ্গেই শ্রীঘরে প্রেমিক
Murshidabad Incidental News: পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম তারিফ ইলিয়াস। বাবা উবাইদুল্লা মণ্ডল। তাঁদের বাড়ি হরিহরপাড়া থানার থানা এলাকায়। তারিফ কাজের সূত্রে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। সেখানেই ওই যুবতীর সঙ্গে তাঁর পরিচয় হয়। ধীরে ধীরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

হরিহরপাড়া: পেশার সূত্রে পরিচয়, তারপর প্রেম। কিন্তু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর প্রেমিকার সঙ্গে প্রতারণা করার অভিযোগে এবার পুলিশের জালে প্রেমিক ও তাঁর বাবা। সুদূর হায়দরাবাদ থেকে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় এসে প্রেমিকের বাড়ির দরজায় ধরনা দিয়েও শেষ রক্ষা না হওয়ায়, অবশেষে আইনের দ্বারস্থ হলেন এক যুবতী।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম তারিফ ইলিয়াস। বাবা উবাইদুল্লা মণ্ডল। তাঁদের বাড়ি হরিহরপাড়া থানার থানা এলাকায়। তারিফ কাজের সূত্রে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। সেখানেই ওই যুবতীর সঙ্গে তাঁর পরিচয় হয়। ধীরে ধীরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
যুবতীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তারিফ তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু কিছুদিন আগে কাউকে কিছু না জানিয়েই হায়দরবাদ থেকে নিজের গ্রামে ফিরে আসেন ওই যুবক। এরপর থেকেই যুবতীর সঙ্গে সমস্ত রকম যোগাযোগ বন্ধ করে দেন তিনি।
প্রতারিত হয়েছেন বুঝতে পেরেও দমে যাননি ওই যুবতী। হায়দরাবাদ থেকে সোজা পৌঁছে যান হরিহরপাড়ায় অভিযুক্তের বাড়িতে। অভিযোগ, সেখানে পৌঁছালে তাঁকে স্বীকৃতি দেওয়া তো দূরের কথা, উল্টে যুবক ও তাঁর পরিবারের তরফে তাঁকে শারীরিক ও মানসিকভাবে চরম হেনস্থা করা হয়। শেষে
নিরুপায় হয়ে ওই যুবতী হরিহরপাড়া থানায় তারিফ ও তাঁর বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের গুরুত্ব বুঝে পুলিশ দ্রুত মাঠে নামে। অভিযুক্ত যুবক ও তাঁর বাবাকে গ্রেফতার করা হয়। শুক্রবার ধৃতদের মুর্শিদাবাদ জেলা আদালতে তোলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনার নেপথ্যে আর কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
