Mithun Chakraborty Roadshow Bull Incident: মিঠুনের রোড-শোয়ে ষাঁড়ের তাণ্ডব! বানারহাটে রুদ্ধশ্বাস পরিস্থিতি, মাঠে নামল কেন্দ্রীয় বাহিনী
Bull Disrupts Mithun Chakraborty’s Roadshow: পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি মাঠে নামেন মিঠুনের নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জীবনের ঝুঁকি নিয়ে বেশ কিছুক্ষণ কসরত করার পর ষাঁড়টিকে রাস্তা থেকে সরিয়ে দিতে সক্ষম হন। প্রায় ১০-১৫ মিনিট রোড-শো থমকে থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। ফের চলতে শুরু করে মহাগুরুর গাড়ি।

বানারহাট: ভোটের হাওয়ায় তপ্ত ডুয়ার্স। এরইমধ্যে ডুয়ার্সের বানারহাটে বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীর রোড-শোয়ে ঘটে গেল এক নাটকীয় বিপত্তি। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নরেশচন্দ্র রায়ের সমর্থনে শুক্রবার বানারহাটে প্রচারে এসেছিলেন ‘মহাগুরু’। কিন্তু প্রচারের মাঝপথেই ঘটল বিপত্তি। আচমকা একটি ষাঁড়ের তাণ্ডবে মাঝরাস্তায় থমকে গেল মিঠুনের কনভয়।
এদিন বানারহাটের তাজিয়া ময়দান থেকে এলআরপি মোড় পর্যন্ত একটি বর্ণাঢ্য রোড-শোর আয়োজন করেছিল বিজেপি। মিঠুন হুডখোলা গাড়িতে উঠে হাত নাড়তেই কর্মী-সমর্থকদের মধ্যে চরম উন্মাদনার ছবি দেখা যায়। মিছিলটি এগোতেই হঠাৎ একটি বিশাল ষাঁড় ভিড় ঠেলে সরাসরি মিছিলের ভিতরে ঢুকে পড়ে। ষাঁড়টি প্রায় মিঠুনের গাড়ির একেবারে কাছাকাছি চলে আসায় ব্যাপক আতঙ্কও তৈরি হয় কর্মী-সমর্থকদের মধ্যে। শুরু হয়ে যায় দৌড়াদৌড়ি।
পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি মাঠে নামেন মিঠুনের নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জীবনের ঝুঁকি নিয়ে বেশ কিছুক্ষণ কসরত করার পর ষাঁড়টিকে রাস্তা থেকে সরিয়ে দিতে সক্ষম হন। প্রায় ১০-১৫ মিনিট রোড-শো থমকে থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। ফের চলতে শুরু করে মহাগুরুর গাড়ি। তবে এদিনের রোড-শো ঘিরে ডুয়ার্সের চা বাগান এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গেরুয়া শিবিরের দাবি, এদিনের মিছিলে প্রায় ১০ হাজার মানুষের সমাগম হয়েছিল। বিশেষ করে চা বাগানের শ্রমিকদের মধ্যে মিঠুন চক্রবর্তীকে নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা যায়। জলপাইগুড়ির জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দন দত্ত বলছেন, মানুষের স্বতঃস্ফূর্ত জনজোয়ারই প্রমাণ করছে দিচ্ছে যে ধূপগুড়ি বিধানসভায় মানুষ কাকে চাইছে।
