Nandigram: পুুলিশের হাতে হাত তৃণমূল নেতার, মুখে তখনও হাসি, প্রশ্ন করতেই বললেন ‘নো কমেন্ট’!
Nandigram Election Violence: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় এলাকা অশান্ত করা এবং ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগেও একাধিক ওয়ারেন্ট জারি হয়েছিল তাঁর বিরুদ্ধে। দীর্ঘ দিন পলাতক বা এড়িয়ে চলার পর গতকাল পুলিশ তাঁকে আটক করে।

পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতা ও বোমাবাজির ঘটনায় শেষমেশ পুলিশের জালে স্থানীয় তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা তথা নন্দীগ্রাম-১ ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি ও বর্তমান কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গ। গতকাল নন্দীগ্রাম বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
নন্দীগ্রামের সমবায় নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রামের পরিস্থিতি। এলাকায় ভীতি প্রদর্শন ও বোমাবাজির ঘটনায় নাম জড়িয়েছিল বাপ্পাদিত্য গর্গের। এর পাশাপাশি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় এলাকা অশান্ত করা এবং ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগেও একাধিক ওয়ারেন্ট জারি হয়েছিল তাঁর বিরুদ্ধে। দীর্ঘ দিন পলাতক বা এড়িয়ে চলার পর গতকাল পুলিশ তাঁকে আটক করে।
বুধবার সকালে পুলিশি কড়া নিরাপত্তায় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে বাপ্পাদিত্য গর্গের শারীরিক পরীক্ষা করানো হয়। এরপর সেখান থেকে তাঁকে হলদিয়া মহকুমা আদালতে পেশের উদ্দেশ্যে নিয়ে যায় নন্দীগ্রাম থানার পুলিশ। পুলিশের গাড়িতে ওঠার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কেবল বলেন, ‘নো কমেন্ট’।
উল্লেখ্য, নন্দীগ্রামের রাজনীতিতে পরিচিত মুখ বাপ্পাদিত্য গর্গ একাধারে শাসকদলের তৎকালীন ব্লক সভাপতি ছিলেন এবং বর্তমানে সীতানন্দ কলেজের অধ্যাপনা পেশার সাথে যুক্ত। দলীয় নেতার বিরুদ্ধে ওঠা এই পুরানো ফৌজদারি মামলায় সরাসরি গ্রেফতারিকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই নন্দীগ্রামে নতুন করে চর্চা তৈরি হয়েছে। কারণ ইতিমধ্যেই সেখানে ফের নির্বাচনের বাদ্যি বাজিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর ফলতার থেকেও বেশি ভোটে নন্দীগ্রামে বিজেপিকে জেতানোর আহ্বান জানিয়েছেন তিনি।
