BJP Candidate Kaustav: ‘আমার তো প্রার্থী আছে নাকি…’, কৌস্তুভকে আশীর্বাদ করেও জয় চাইলেন না সিপিএম-এর তড়িৎবরণ
Kaustav Bagchi: তড়িৎবাবু জানান, "পুজো হলে আমি তো যাই। এমনিতে তো জানাজানি আছে। আমি ওকে আশীর্বাদ করলাম ভাল কাজ করুক। তবে ওর জয় কামনা করতে পারব না। আমার তো প্রার্থী আছে এখানে নাকি। আদর্শ গত ভাবে আমরা ভীষণভাবে বিজেপির বিরুদ্ধে। ও বাড়ির ছেলে বটেই। তবে মতাদর্শের পক্ষে নই। বলেছি যাতে ওকালতিতে বড় হয়।"

ব্যারাকপুর: এক সময় কংগ্রেসে ছিলেন। এখন যোগ দিয়েছেন বিজেপিতে। কথা হচ্ছে বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচিকে নিয়ে। প্রাক্তন প্রবীণ সিপিএম (CPIM) সাংসদ তড়িৎ বরণ তোপদারের বাড়িতে হাজির বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী।
রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র হল ব্যারাকপুর। এখান থেকেই তৃণমূলের হয়ে লড়াই করছেন তৃণমূলের রাজ চক্রবর্তী। এবার সেখানে দাঁড়িয়েছেন বিজেপির কৌস্তভ বাগচী। এই ব্যারাকপুরে CPIM-এর একসময় পাঁচবারের সাংসদ ছিলেন তড়িৎ বরণ তোপদার। ১৯৮৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ ছিলেন তিনি। বর্ষীয়ান সেই সিপিএম নেতার বাড়িতে হাজির হলেন কৌস্তভ। পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ চাইলেন তিনি।
কৌস্তভ বাগচি বলেন, “নির্দিষ্ট কোনও উদ্দেশ্যে আসা নয়। আমার বাবা ওঁকে দীর্ঘদিন ধরে চিনতেন। প্রচণ্ড শ্রদ্ধা করতেন। যখন সাংসদ ছিলেন তখনও সম্পর্ক। আমি আমার দল আমার মতাদর্শের কথা বলব। ওঁর মতাদর্শের বিরুদ্ধে কথা বলব। তবে পারিবারিক সম্পর্ক আছে। জেঠুর কাছে ভাইপো আশীর্বাদ চাইতে এসেছে। জেঠু পরামর্শ দিয়েছেন ভাল করে কাজ করতে আরও যাতে উচ্চতা বাড়ে। রাজনৈতিক ভাবে উনি তো আমার দলের সদস্য নয়। উনি তো বিরোধিতা করবেন।”
তড়িৎবাবু জানান, “পুজো হলে আমি তো যাই। এমনিতে তো জানাজানি আছে। আমি ওকে আশীর্বাদ করলাম ভাল কাজ করুক। তবে ওর জয় কামনা করতে পারব না। আমার তো প্রার্থী আছে এখানে নাকি। আদর্শ গত ভাবে আমরা ভীষণভাবে বিজেপির বিরুদ্ধে। ও বাড়ির ছেলে বটেই। তবে মতাদর্শের পক্ষে নই। বলেছি যাতে ওকালতিতে বড় হয়।”
