Bagda: বিয়ে হচ্ছে না উত্তর ২৪ পরগনার এই গ্রামের ছেলেদের, ক্ষোভ বাড়তেই সরকারের বরাদ্দ ২ কোটি
Bagda: গত পঞ্চায়েত নির্বাচনের আগে 'দিদির দূত' কর্মসূচিতে গিয়েছিলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস । ধুলনি গ্রামের সাধারণ মানুষ বিধায়ককে সামনে পেয়ে রাস্তা খারাপের অভিযোগ জানিয়েছিলেন । রাস্তা খারাপের জন্য এলাকায় ছেলেদের বিয়ে হচ্ছে না ,কেউ মেয়ে দিতে চাইছে না এলাকার ছেলেদের।

বাগদা: রাস্তার হাল বেহাল। যেতে আসতে খুবই কষ্ট। তাই মেয়েদের বাড়ি থেকে বিয়েতে মত দিচ্ছে না। পাছে শ্বশুরবাড়িতে আসার পর চরম অসুবিধার মধ্যে পড়তে হয়। সেই আশঙ্কা করেই উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের কনিয়াড়া ১ নাম্বার গ্রাম পঞ্চায়েতের ধুলনি গ্রামের ছেলেদের সঙ্গে বিয়ে দিতে চাইছেন না কন্যাপক্ষ। এই ধরনেরই অভিযোগ স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ দাসকে করেছিলেন এলাকাবাসী। অবশেষে রাস্তা তৈরি করতে উদ্যোগ নিলেন তিনি। খুশি গ্রামের সকলেই।
গত পঞ্চায়েত নির্বাচনের আগে ‘দিদির দূত’ কর্মসূচিতে গিয়েছিলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস । ধুলনি গ্রামের সাধারণ মানুষ বিধায়ককে সামনে পেয়ে রাস্তা খারাপের অভিযোগ জানিয়েছিলেন । রাস্তা খারাপের জন্য এলাকায় ছেলেদের বিয়ে হচ্ছে না ,কেউ মেয়ে দিতে চাইছে না এলাকার ছেলেদের। তেমনি অভিযোগ করেছিলেন শেখর বালা নামে এক যুবক। রাস্তার বেহাল দশা নিয়ে সরব হয়েছিলেন এলাকার বিভিন্ন বাসিন্দারাও।
এরপরই কার্যত নড়েচড়ে বসে প্রশাসন। ইতিমধ্যেই এই রাস্তার জন্য প্রায় দুই কোটি টাকা বরাদ্দ হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তেমনি জানিয়েছেন বিধায়ক নিজেই। সাড়ে ছয় কিলোমিটার রাস্তা আগামী দেড় মাসের মধ্যে সম্পন্ন হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। এরপর শনিবার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হুদা গ্রামে ফিতে কেটে নারকেল ফাটিয়ে এই রাস্তা কাজের সূচনা করেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস।
যদিও এই বিষয়ে সেই সময়ের বিক্ষুব্ধ যুবক শেখর বালা জানিয়েছেন, “আমি সঠিক ঘটনাই বিধায়কের সামনে তুলে ধরেছিলাম। বলেছিলাম রাস্তা খারাপের জন্য বিয়ে হচ্ছে না। কেউ মেয়ে দিতে চাইছেন না। বিধায়ক উদ্যোগ নিয়েছেন। তাই ওনাকে ধন্যবাদ জানাই।” অপরদিকে, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস জানিয়েছেন, “এলাকার সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে রাজ্য সরকারের তরফ থেকে এই রাস্তা নির্মাণের কাজ শুরু হচ্ছে। আশা করি এলাকার যে সমস্যা ছিল এবার তা মিটে যাবে।”
