Bongaon Local: চলন্ত ট্রেনেই মাথা ফাটল যাত্রীর, ভরসন্ধ্যায় বনগাঁ লোকালে তুমুল উত্তেজনা
সন্ধ্যায় যখন অফিসযাত্রীরা বাড়ি ফিরছিলেন, তখনই এই ঘটনা ঘটে। ট্রেনের কামরায় এক ব্যক্তি আর এক যাত্রীকে মারধর করে বলে অভিযোগ। রীতিমতো মেরে মাথা ফাটিয়ে দেয় আর এক যাত্রীর। অভিযুক্ত যাত্রী মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ।

কলকাতা: বনগাঁ লোকাল মানেই তুমুল ভিড়। বুধবারও তার ব্যতিক্রম ছিল না। এরই মধ্যে দুই যাত্রীর সংঘর্ষে রীতিমতো উত্তেজনা ছড়াল ট্রেনের কামরায়। এক যাত্রীর বিরুদ্ধে আর এক যাত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে। আর এই ঘটনার পরই অভিযুক্তের উপর চড়াও হয় উত্তেজিত যাত্রীরা। তাঁকেও যাত্রীদের হাতে মার খেতে হয় বলে অভিযোগ। শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরই শুরু হয়ে বাকবিতণ্ডা।
সন্ধ্যায় যখন অফিসযাত্রীরা বাড়ি ফিরছিলেন, তখনই এই ঘটনা ঘটে। ট্রেনের কামরায় এক ব্যক্তি আর এক যাত্রীকে মারধর করে বলে অভিযোগ। রীতিমতো মেরে মাথা ফাটিয়ে দেয় আর এক যাত্রীর। অভিযুক্ত যাত্রী মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ।
রক্তারক্তি পরিস্থিতি তৈরি হওয়ার পর বাকি যাত্রীরা অভিযুক্তের উপর চড়াও হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তিকে মারধর করে, তাঁর পোশাক পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছে। চলন্ত ট্রেনে ওই পরিস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ক্যান্টনমেন্ট স্টেশনে নামানো হয় তাঁদের।
যাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ, তাঁর নাম কৃষ্ণ, তিনি মধ্যমগ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম অভিজিৎ পাল। ক্যান্টমেন্ট স্টেশনে তাঁকে জিআরপির হাতে তুলে দেওয়া হয়।