Humayun Kabir: সভার আগেই ‘গো ব্যাক’ স্লোগান, শাসনে বিক্ষোভের মুখে ডেবরার প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর
Humayun Kabir: স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, শাসন এলাকায় দীর্ঘ ১৫ বছর ধরে অশান্ত পরিবেশ তৈরি করে রেখেছিল তৃণমূল। নতুন করে সভা করে আবারও নতুন করে এলাকা উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। বিজেপির দাবি, এই অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দাদেরই একাংশের তরফে হুমায়ুন কবীরকে সেখানে মিটিং না করার জন্য আবেদন করা হয়েছিল।

উত্তর ২৪ পরগনা: শাসনে ‘নিগৃহীত’ ডেবরার প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর। বারাসত ২ নম্বর ব্লকের শাসন থানার খড়িবাড়িতে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবিরকে ঘিরে বিজেপির ‘গো-ব্যাক’ স্লোগান। এলাকায় আয়োজিত একটি দলীয় সভায় যোগ দিতে এসেছিলেন হুমায়ুন কবীর। সভা শুরু হতেই স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন।
ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং তৃণমূলের একাধিক পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ সামনে আসে। এলাকা জুড়েই আতঙ্ক ও থমথমে পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শাসন থানার বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, শাসন এলাকায় দীর্ঘ ১৫ বছর ধরে অশান্ত পরিবেশ তৈরি করে রেখেছিল তৃণমূল। নতুন করে সভা করে আবারও নতুন করে এলাকা উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। বিজেপির দাবি, এই অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দাদেরই একাংশের তরফে হুমায়ুন কবীরকে সেখানে মিটিং না করার জন্য আবেদন করা হয়েছিল।
ঘটনা প্রসঙ্গে বারাসত জেলার পুলিশ সুপার জে মার্সি জানান, সভার জন্য নির্ধারিত সময়ে পৌঁছতে প্রাক্তন বিধায়কের দেরি হয়েছিল। এই দেরি হওয়ার কারণেই কিছু মানুষ বিক্ষোভ প্রকাশ করেন। পরে পুলিশের তরফ থেকে হুমায়ুন কবীরকে উদ্ধার করে এলাকা থেকে বের করে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
