Duleep Trophy 2026 Final: দুরন্ত সেঞ্চুরি ঈশানের, বৈভব-অভিমন্যুর দাপটে দলীপের প্রথম দিনেই চালকের আসনে পূর্বাঞ্চল!
EZONE vs SZONE: লাল বলের ক্রিকেটে বরাবরই নিজের জাত চেনাচ্ছেন বৈভব। এখনও পর্যন্ত ১০টি প্রথম শ্রেণীর ম্যাচে ৩৪৭ রান করেছেন তিনি। বয়সভিত্তিক আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে তাঁর পারফরম্যান্সের মাধ্যমে ইতিমধ্যেই নির্বাচকদের নজরে এসেছেন তিনি।

চেন্নাই : দলীপ ট্রফির ফাইনালের (Duleep Trophy Final) প্রথম দিনেই সাউথ জোনের (South Zone) পেস আক্রমণকে রীতিমতো গুঁড়িয়ে দিল পূর্বাঞ্চলের (East Zone) তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীরা (Vaibhav Suryavanshi)। অভিজ্ঞ অভিমন্যু ঈশ্বরণকে (Abhimanyu Eeshwaran) সঙ্গে নিয়ে ওপেন করতে নেমে শুরু থেকেই প্রতিপক্ষের বোলারদের সামনে মারকাটারি ব্যাটিং করতে থাকেন বৈভব। প্রথম দিনের শেষে পূর্বাঞ্চলের স্কোর ৩৮৫/৪। ১১১ রানে অপরাজিত রয়েছেন ঈশান কিষান (Ishan Kishan)। তাঁর সঙ্গেই ৬৩ রানে ব্যাট করছেন কুমার কুশাগ্র (Kumar Kushagra)।
তবে এর মধ্যে যাঁর নাম না বললেই নয়, তিনি মহম্মদ সিরাজ। সদ্যই ইংল্যান্ডের বিরুদ্ধে খেলে এসেছেন সিরাজ। তাঁকেই নির্মমভাবে আক্রমণ শুরু করেন এই বাঁ হাতি কিশোর। ম্যাচের ৭ম ওভারে সিরাজের এক ওভারে জোড়া চার ও এক ছয় মারেন বৈভব। সিরাজের বিরুদ্ধে প্রথম ওভারেই এসেছে ১৪ রান। প্রথম কয়েক ওভারে পিচ বুঝতে সময় নিলেও, উইকেট থেকে পেসাররা বাড়তি সুবিধে পাচ্ছে না বুঝতে পেরেই রুদ্রমূর্তি ধারণ করেন এই বিস্ময় বালক। ম্যাচ শুরুর ১ ঘন্টার মধ্যেই ৪০ রানে পৌঁছে যান বৈভব। তাঁকে দেখে মনে হচ্ছিল, প্রথম ইনিংসে হয়ত বড় রান আসবে। কিন্তু বাঁ হাতি পেসার সিভি মিলিন্দের শর্ট বল পুল করতে গিয়ে ডিপে ত্যাগরাজনের হাতে তালুবন্দি হন বৈভব। মাত্র ৪৪ রানেই শেষ হয়ে তাঁর ইনিংস। তাঁর সঙ্গে বড় রান পেয়েছেন ঈশ্বরণও। তাঁর ৮৬ বলে ৭২ রানের ইনিংস সুসজ্জিত ১০টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি দিয়ে। শিখর মোহনও ৮৫ রানের একটি ইনিংস খেলে গিয়েছেন।
লাল বলের ক্রিকেটে বরাবরই নিজের জাত চেনাচ্ছেন বৈভব। এখনও পর্যন্ত ১০টি প্রথম শ্রেণীর ম্যাচে ৩৪৭ রান করেছেন তিনি। বয়সভিত্তিক আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে তাঁর পারফরম্যান্সের মাধ্যমে ইতিমধ্যেই নির্বাচকদের নজরে এসেছেন বৈভব। সম্প্রতি ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ও জানিয়েছেন বৈভব খুব শীঘ্রই ভারতের টেস্ট দলে জায়গা করে নিতে পারেন ও তাঁর দলে আসার ফলে আরও আকর্ষণীয় হবে টেস্ট ক্রিকেট।
