Burdwan Fish Trader Death: বর্ধমানে আত্মঘাতী মাছের ব্যবসায়ী, তৃণমূল কাঠগড়ায় তুলছে বিজেপিকে
Burdwan Fish Trader Case: ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেব মৃতের স্ত্রী টুম্পা দাস। তাঁর অভিযোগ, কয়েকদিন আগে স্থানীয় বিজেপি কর্মীদের সঙ্গে তাঁর বচসা হয়। এরপর থেকেই তাঁর ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। এলাকা ছাড়ারও হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।

বর্ধমান: ভোটের দামামা বেজে গিয়েছে। অবাধ-শান্তিপূর্ণ নির্বাচন করতে চলছে কেন্দ্রীয় বাহিনীর টহল। কোমর বেঁধে ময়দানে নেমেছে নির্বাচন কমিশন। এরইমধ্যে বর্ধমান শহরে তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, বিজেপি কর্মীদের হুমকি সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন নীলপুর আমবাগান এলাকার বাসিন্দা সুশান্ত দাস (৪০)। তিনি আবার পেশায় মাছের ব্যবসায়ী বলে জানা যাচ্ছে। নীলপুর বাজারে মাছের ব্যবসা করতেন।
ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেব মৃতের স্ত্রী টুম্পা দাস। তাঁর অভিযোগ, কয়েকদিন আগে স্থানীয় বিজেপি কর্মীদের সঙ্গে তাঁর বচসা হয়। এরপর থেকেই তাঁর ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। এলাকা ছাড়ারও হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সুশান্ত। ঘটনার দিন বিকেলে টুম্পা মেয়েকে নিয়ে বাইরে গিয়েছিলেন। বাড়ি ফিরে এসে দেখেন গলায় দড়ি দিয়ে ঝুলছেন সুশান্ত।
খবর পেয়ে ঘটনাস্থলে যান বর্ধমান শহর তৃণমূলের সভাপতি তন্ময় সিংহ রায়। যান তৃণমূল প্রার্থী খোকন দাস। খোকন দাস ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির বিরুদ্ধে। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের ছত্রছায়ায় বিজেপি কর্মীরা এখন থেকেই হুমকি দিতে শুরু করেছে। সেই চাপ সহ্য করতে না পেরেই মানসিকভাবে ভেঙে পড়ে সুশান্ত এই চরম সিদ্ধান্ত নিয়েছে। আমরা দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। অন্যদিকে, অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। দলের জেলা মুখপাত্র শান্তরূপ দে বলেন, হার নিশ্চিত জেনেই তৃণমূল এই মৃত্যুকে নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।
